উত্তরাঞ্চলের মানুষের সামগ্রিক তথ্যপ্রযুক্তির জ্ঞান তেমন উন্নত নয়। এ অঞ্চলের মানুষের কাছে প্রযুক্তির সুবিধা পৌঁছাতে হবে। নানা ধরনের সুবিধার মধ্যে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজসহ অন্যান্য কার্যক্রমকে এ অঞ্চলে বাড়ানো যেতে পারে। গতকাল শনিবার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তথ্যপ্রযুক্তি উৎসব উপলক্ষে আয়োজিত ‘উত্তরাঞ্চলের আইটি-শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। গোলটেবিলে মূল প্রবন্ধ পড়েন গ্রামীণফোনের ভারপ্রাপ্ত প্রধান করপোরেট অ্যাফেয়ার্স মাহমুদ হোসেন। বৈঠকের প্রধান অতিথি হাবিপ্রবির উপাচার্য এম আফজাল হোসেন বলেন, কম বিনিয়োগের মাধ্যমে কীভাবে ভালো আউটপুট পাওয়া যায় তা সাধারণ মানুষকে বোঝাতে হবে। এ ক্ষেত্রে বাস্তবধর্মী ও সময়োপযোগী শিক্ষা লাগবে এবং প্রযুক্তির সুবিধা বিভিন্ন পর্যায়ে বাস্তবায়ন করতে হবে। বৈঠকে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান শামীম আহমেদ, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আহসান হাবীব, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি নূরুল মমিন, রংপুর চেম্বার অব কমার্সের পরিচালক রবি সামানী, সফটওয়্যার প্রকৌশলী ফাত্তাহ আলম, ফুয়াদ বিন ওমর, প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেনসহ অনেকে। বক্তারা বলেন, এ অঞ্চলের জন্য প্রযুক্তির সঙ্গে অন্যান্য বিষয়কে জড়ালে ভালো হয়। বিভিন্ন প্রকল্প প্রস্তাবের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে স্থানীয়ভাবে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী করা, ভিওআইপি-সেবা উন্মুক্ত করার মাধ্যমে এ সেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এ ছাড়া এ অঞ্চলের পর্যটনশিল্পের কথা ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরা যেতে পারে। গোলটেবিল সমন্বয় করেন হাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন মো. রুহুল আমিন। তিন দিনের এ মেলা শেষ হবে আগামীকাল। আজ রোববার উৎসবে সেমিনার, ওয়ার্কশপসহ গেমিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। —নুুরুন্নবী চৌধুরী, দিনাজপুর থেকে