তথ্যপ্রযুক্তির সেবার খরচ বাংলাদেশেই সবচেয়ে কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আউটসোর্সিং, ব্যাক অফিসের মতো দূর থেকে তথ্যপ্রযুক্তি সেবা প্রদান ও সফটওয়্যার উৎপাদেনর খরচ বিশ্বের মধ্যে বাংলাদেশেই সবচেয়ে কম। আর এসব কাজ করানোর ক্ষেত্র হিসেবে ৫০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৬তম। যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান ‘এটি কারনি’ প্রকাশিত চলতি বছরের গ্লোবাল সার্ভিসেস লোকেশন ইনডেক্সে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের এই চিত্র উঠে এসেছে। এই সূচকের শীর্ষ তিনটি স্থানের দেশ হলো: ভারত, চীন ও মালয়েশিয়া।
এটি কারনির এই প্রতিবেদনের বিস্তারিত গত বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। সম্মেলনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘এটি কারনির এ সূচক বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আনতে সহায়তা করবে। সূচকে অবস্থানের কারণে বিদেশি বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করা সহজ হবে।’ ২০১৭ সালের মধ্যে দেশের ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রগুলোকে ডিজিটাল সেন্টারে রূপান্তর করা হবে বলে জানান তিনি।
বেসিসের সভাপতি শামীম আহসান জানান, ২০১৪ সালের গ্লোবাল সার্ভিসেস লোকেশন ইনডেক্সে (জিএসএলআই) বাংলাদেশের তথ্যপ্রযুক্তি সেবা খাতকে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘২৬তম স্থান থেকে বাংলাদেশকে প্রথম ১০টি দেশের মধ্যে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাবে বেসিস। এর আগে গার্টনার বাংলাদেশকে বিশ্বের ৩০টি আউটসোর্সিং গন্তব্যের একটি হিসেবে অন্তর্ভুক্ত করেছিল।’ বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ বলেন, এ অর্জন আমাদের দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে সহায়তা করবে।’ ১৯২৬ সালে প্রতিষ্ঠিত এটি কারনি বিশ্বের ৪০টি দেশে ৫৯টি কার্যালয়ের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে। —নিজস্ব প্রতিবেদক