তথ্যপ্রযুক্তিশিল্পের নিরাপত্তায় পশ্চিমবঙ্গে থানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তিশিল্প এলাকায় অপহরণ, চাঁদাবাজি এবং নারী কর্মীদের ওপর ভয়ভীতি রোধের ওপর পশ্চিমবঙ্গ পুলিশ অন্ধ্র প্রদেশের সাইবারাবাদ থানার ধাঁচে কলকাতার তথ্যপ্রযুক্তিশিল্প এলাকায় প্রতিষ্ঠা করছে নতুন থানা ‘ইলেকট্রনিকস কমপ্লেক্স’। এই থানার লক্ষ্য হবে সাইবার অপরাধ দমন। অন্ধ্র প্রদেশে ওই সাইবারাবাদ থানা সেখানকার তথ্যপ্রযুক্তিশিল্পকে নিরাপত্তা দিতে সদর্থক ভূমিকা নিয়েছে। এবার সেই থানার ধাঁচেই কলকাতার তথ্যপ্রযুক্তিশিল্প এলাকা সল্টলেকের সেক্টর পাঁচে গড়া হচ্ছে এ ধরনের একটি থানা। থানার কর্মকর্তাদের সাইবার অপরাধ সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণ নেওয়ার জন্য পাঠানো হচ্ছে অন্ধ্রের সাইবারাবাদ থানায়।প্রসঙ্গত, কলকাতার তথ্যপ্রযুক্তিশিল্পের মূল এলাকা গড়ে উঠেছে সল্টলেকের সেক্টর ফাইভে। এখানেই রয়েছে দেশি-বিদেশি নামী-দামি তথ্যপ্রযুক্তি সংস্থা; রয়েছেন এই শিল্পে কর্মরত অন্তত ৭০ হাজার তরুণ-তরুণী। এঁদের নিরাপত্তার কথা ভেবে এই অত্যাধুনিক থানা গড়ার উদ্যোগ নিয়েছে রাজ্যের পুলিশ প্রশাসন। পশ্চিমবঙ্গ পুলিশের মহানির্দেশক ভূপিন্দর সিং বলেছেন, অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দরাবাদের কাছেই সাইবার কমপ্লেক্স ঘিরে যে শহর সাইবারাবাদ গড়ে উঠেছে, ওই ধাঁচেই পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তিশিল্প এলাকা সল্টলেকেই গড়া হচ্ছে এই থানা। এই থানার লক্ষ্য হবে কলকাতার তথ্যপ্রযুক্তি নগরকে সুরক্ষিত করা।—অমর সাহা, কলকাতা