তথ্যপ্রযুক্তি-শিল্পের বিকাশ হলে দেশ উন্নত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি-শিল্পের (আইটি) উন্নয়নে রাজধানীতে হয়ে গেল আইটি, আইটিএস, হাইটেক শিল্প এবং এর বিকাশ-বিষয়ক কর্মশালা। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার একটি হোটেলে এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেন, ‘আমরা দেশের সংখ্যাগরিষ্ঠ তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে দেশকে ক্রমান্বয়ে উন্নত দেশে রূপান্তর করতে চাই। এ জন্যই আইটি, তথ্যপ্রযুক্তি সেবা (আইটিএস), সফটওয়্যার ও উচ্চপ্রযুক্তি-শিল্পের বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এতে সভাপতিত্ব করেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতীয় তথ্যপ্রযুক্তি আর্নেস্ট অ্যান্ড ইয়াংয়ের পরামর্শক অখিলেশ সাউরিথিয়া। বক্তৃতা করেন তথ্যপ্রযুক্তিসচিব শ্যাম সুন্দর শিকদার, সাপোর্ট টু ডেভেলপমেন্ট অব কালিয়াকৈর হাইটেক পার্কের প্রকল্প পরিচালক এ এন এম সফিকুল ইসলাম, তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বারসহ অনেকে।

বক্তারা বলেন, বিশ্বমানের ব্যবসার পরিবেশ সৃষ্টি, দেশি-বিদেশি বিনিয়োগ ধরা ও দেশীয় তরুণ উদ্যোক্তা বৃদ্ধির লক্ষ্যে সরকারিভাবে দেশের বিভিন্ন স্থানে হাইটেক পার্ক এবং আইটি পার্ক গড়ে তোলার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধি এবং বেকার ও কর্মক্ষম তরুণদের আইটি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করা হবে।

কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি আইটি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।

রাফাত জামিল