তথ্যসমাজ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় ফলোআপ সভা শুরু
জাতিসংঘের উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি কমিশনের (ইউএন কমিশন অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর ডেভেলপমেন্ট) উদ্যোগে গতকাল সোমবার থেকে সুইজারল্যান্ডের জেনেভার জাতিসংঘের মূল ভবনে শুরু হয়েছে তথ্যসমাজ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় পর্বের ফলোআপ সভা। এতে কমিশনের মূল প্রতিবেদনের ওপর আলোচনা চলছে, যা ২৭ মে পর্যন্ত চলবে। এই সভার উদ্বোধনী অনুষ্ঠানে আঙ্কটাডের উপমহাসচিব পেটকো ড্রাগানভ এই প্রতিবেদনের মূল প্রতিপাদ্য তুলে ধরেন। প্রতিবেদনটি কালই প্রকাশ করা হয়। এবারের প্রতিবেদনে বিশেষ গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে বিশ্ব তথ্যসমাজের অগ্রগতি সাধনে মোবাইলপ্রযুক্তি, ব্রডব্যান্ড ইন্টারনেট, সামাজিক যোগাযোগের ওয়েব প্রযুক্তি উন্নয়ন এবং ডেটা নিরাপত্তায় দেশগুলোর ভূমিকা। প্রতিবেদনটি পাওয়া যাচ্ছে এই ঠিকানায় http://www.unctad.org/en/docs/a। এই পর্বে নয়টি দেশের তথ্যপ্রযুক্তিমন্ত্রীসহ প্রায় ২০০ বিশেষজ্ঞ পর্যায়ের প্রতিনিধি অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে বেসরকারি সংস্থা বিএনএনআরসির প্রধান নির্বাহী এ এইচ এম বজলুর রহমান অংশ নিচ্ছেন। —রেজা সেলিম জেনেভা (সুইজারল্যান্ড) থেকে