
ঘটনা ১
শব্দদূষণে অতিষ্ঠ গমমন্ডি আবাসিক এলাকার বাসিন্দারা।

বর্ণনা: বেশ ক মাস ধরে শব্দদূষণে নাকাল ঢাকার গমমন্ডি আবাসিক এলাকার বাসিন্দারা। এর ফলে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে একসময়ের কোলাহলমুক্ত এলাকাটি। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, রাতেও শব্দদূষণের কারণে ঘুমাতে পারেন না তাঁরা।
তদন্ত কমিটি: এলাকার কল্যাণ সমিতির পাঁচ সদস্য নিয়ে গঠন করা হয় একটি তদন্ত কমিটি।
তদন্ত কমিটির প্রতিবেদন: বিরোধী দলের এক নেতা গমমন্ডি এলাকায় একটি ফ্ল্যাটের মালিক। যেহেতু তাঁদের বর্তমান দিনকাল ভালো যাচ্ছে না, তাই তিনি নিয়মিত লাউড স্পিকারে বিরহ ও দুঃখের গান শোনেন। ওই ফ্ল্যাট থেকে গভীর রাতে জনৈক শিল্পীর ‘গণতন্ত্র’ গানটি শোনা যায়। এলাকাবাসীর ঘুম হয় না। তাঁদের এই বিড়ম্বনার জন্য আসলে ওই বিরোধী দলের
নেতাই দায়ী।
ঘটনা ২

টিভি দেখে আতঙ্কগ্রস্ত শিশু হাসপাতালে।
বর্ণনা: বল্টু ক্লাস ফোরে পড়ে। টিভিতে সাধারণত কার্টুন দেখে সে। মা-বাবা টিভিতে যখন সিরিয়াল, খবর, টক-শো দেখেন, তখন সে কার্টুন দেখার অপেক্ষায় বসে থাকে।
তদন্ত কমিটি: টিভিতে বল্টু আসলে কী দেখেছিল, সেটা বের করতে একটি তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটিতে থাকলেন বল্টুর দাদা, বাবা আর মা।
তদন্ত কমিটির প্রতিবেদন: বল্টুর বাবা টিভিতে যখন দেশের খবর দেখেন, ছেলেকে টিভি থেকে দূরে রাখেন। সেদিনও প্রতিদিনের মতো বল্টুর বাবা টিভিতে খবর দেখছিলেন। খবরে দেখাচ্ছিল সরকারের কঠোর সমালোচনা করছেন বিরোধী দলের জনৈক নেতা। সমালোচনার একপর্যায়ে হুমকিও দিয়ে বসেন সেই নেতা। সেটা বল্টুর চোখে পড়ে যায়।
সেটা দেখেই ভীষণ আতঙ্কগ্রস্ত
হয়ে পড়ে সে। অতএব বল্টুর সুকোমল হৃদয়ে ক্ষত তৈরির জন্য বিরোধী দলই দায়ী।

ঘটনা ৩
এসএসসিতে ঢাকা আদর্শ স্কুলের ফল বিপর্যয়।
বর্ণনা: রাজধানীর কয়েকটি ভালো স্কুলের অন্যতম ঢাকা আদর্শ স্কুল। প্রতিবছর এসএসসিতে ভালো ফল করলেও এবার তাদের ফল হতাশাজনক। ৭০ শতাংশ অকৃতকার্য, এ প্লাস পেয়েছে হাতে গোনা কয়েকজন।
তদন্ত কমিটি গঠন: এসএসসির ফল বিপর্যয়ে স্কুলের প্রধান শিক্ষক, স্কুল কমিটির চেয়ারম্যান ও এলাকার দুজন বিশিষ্ট ব্যক্তি নিয়ে গঠন করা হয় একটি তদন্ত কমিটি।
তদন্ত কমিটির প্রতিবেদন: স্কুলটির এসএসসি পরীক্ষার সিট পড়েছিল নবোদয় উচ্চবিদ্যালয়ে। ওই স্কুলটির প্রধান শিক্ষক বিরোধী দলের সমর্থক। দলের নির্দেশে পরীক্ষা চলাকালে স্কুলে বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে দেন তিনি। এ ছাড়া হলে কড়া গার্ড দেওয়ায় ভালোভাবে পরীক্ষা দিতে ব্যর্থ হয় শিক্ষার্থীরা। বিরোধী দল চায় না দেশের শিক্ষার উন্নতি হোক। তাই নির্দ্বিধায় বলা যায়, এসএসসির ফল বিপর্যয়ের পেছনে বিরোধী দলের সরাসরি হাত রয়েছে।

ঘটনা ৪
নভেম্বরের শুরুতেই শীতের আগমনী বার্তা।
বর্ণনা: বাংলাদেশে শীতকাল শুরু হয় ডিসেম্বর বা ডিসেম্বরের শেষ দিকে। তবে এ বছর নভেম্বরের শুরুতেই শীত-শীত ভাব অনুভূত হচ্ছে। কেন এত তাড়াতাড়ি শীতের আগমন? বিশ্বব্যাপী আবহাওয়ার পরিবর্তনের ফল, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ?
তদন্ত কমিটি: একজন আবহাওয়াবিদ ও সব বিষয়ে বিজ্ঞ দুজনের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠিত হলো।
তদন্ত কমিটির প্রতিবেদন: অনেকগুলো দিক পর্যবেক্ষণ করে দেখা গেল, এত তাড়াতাড়ি শীত আসার কোনো কারণ নেই। তবে অনেক দিন ধরেই বিরোধী দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, ফলে দেশের পরিস্থিতি গরম। তাই এই মুহূর্তে দেশের পরিস্থিতি ঠান্ডা করতেই শীতের অগ্রিম আগমন। চোখ বন্ধ করে
বলা যায়, আবহাওয়ার এমন বিচিত্র আচরণের সঙ্গে বিরোধী দল ওতপ্রোতভাবে জড়িত।