তমার অন্য ভুবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী রওজাতুর রুম্মান
রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী রওজাতুর রুম্মান

রবীন্দ্র, নজরুল, শাস্ত্রীয় ও আধুনিক—সব গানই শেখা আছে তাঁর। তবে রবীন্দ্রসংগীত গাইতে ও শুনতে তাঁর আনন্দ লাগে। বিতর্কচর্চাতেও পিছিয়ে নেই। ছবি আঁকতেও পটু। সমাজিক-কল্যাণমূলক কাজে ছুটে চলেন অবিরাম। নাম তাঁর রওজাতুর রুম্মান। তবে সহপাঠীরা ডাকে তমা নামে। রংপুর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন তিনি।

তখন রওজাতুরের বয়স সবে আট বছর। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। শিশুকালেই মায়ের হাত ধরে তার হারমোনিয়ামের রিডে হাত। তাও আবার সুরের তালে। সা রে গা মা পা ধা নি...। মা বলতেন, ‘বাহ! ভারি সুন্দর! তোকে দিয়েই হবে স্বপ্ন পূরণ।’

পরে গৃহশিক্ষক হিসেবে গানের প্রথম তালিম নেন নরোত্তম নাথের কাছে। এরপর আরেক শিক্ষক পাল্লা লাল দে।

আর বিতর্কে কীভাবে ভালো করতে হবে, এ জন্য এতগুলো বই নিয়ে স্ক্রিপ্ট করতে সহায়তা করতেন তাঁর বাবা।

রংপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার আগে তাঁর শৈশব-কৈশোর কেটেছে যশোরে। যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক ও যশোর ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ থেকে উচ্চমাধ্যমিক কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর ভর্তি হন রংপুর মেডিকেল কলেজে। বাবা মিনহাজুর রহমান পেশায় চিকিৎসক। চক্ষু বিশেষজ্ঞ। আর মা কামরুন নাহার যশোর অক্ষর শিশু শিক্ষালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তিন ভাইবোনের মধ্যে সবার বড় রওজাতুর।

শুধু কি সংগীত? বিতর্কে স্কুলজীবনে তাঁর দল ছিল চ্যাম্পিয়ন। জেলা পর্যায়েও তাঁর দল চ্যাম্পিয়ন হয়েছে। আর নিজে হয়েছেন শ্রেষ্ঠ বিতার্কিক। জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় কয়েকবার অংশ নিয়ে সুনাম কুড়িয়েছেন।

রওজাতুরের পুরস্কারের ভান্ডার অনেক সমৃদ্ধ।

গান আর বিতর্ক ছাড়া ছবি আঁকতেও পারদর্শী। তবে কোথাও কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ছবি আঁকা নয়। কোনো কিছুতে মন না বসলে ছবি আঁকতে বসে যাওয়া। নিজের ভালো লাগার জন্যই এ ছবি আঁকা বলে জানালেন রওজাতুর। ছবি আঁকার হাতেখড়ি নিয়েছেন আর্টের শিক্ষক আশুতোষ পালের কাছে।

সংগীত, বিতর্কের পাশাপাশি আরও ভাবলেন মানুষের কল্যাণে কাজ করতে হবে। অসহায়-গরিব রোগীরা যাতে বিনা মূল্যে রক্ত পায়, এ জন্য ছুটে চলেন অবিরাম। সামাজিক সংগঠন ‘সন্ধানী’র সঙ্গে যুক্ত হন। প্রথমেই সাংগঠনিক সম্পাদক। এরপর চলে আসে সাধারণ সম্পাদকের দায়িত্ব। বিভিন্ন দিবসে সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে সন্ধানীর হয়ে রওজাতুর ছুটে যান রক্ত সংগ্রহের কাজে।

চিকিৎসক হলেও ভবিষ্যতে সুস্থ সংস্কৃতিচর্চা অব্যাহত থাকবে বলে দৃঢ়কণ্ঠে উচ্চারণ করলেন তিনি। সেই সঙ্গে মানুষের মতো মানুষ হতে হবে। বললেন, যেতে হবে দূরে, বহু দূরে...।’