তরবারি দিয়ে গলা কাটার হুমকি দিতেন জাকারবার্গ!

মাত্র ২৩ বছর বয়সেই নিজের প্রতিষ্ঠান আর সে অফিসের বাঘা বাঘা কর্মীদের সামলানো নিশ্চয়ই সোজা কথা নয়! মার্ক জাকারবার্গকে কিন্তু ঠিক এই দুরূহ কাজটিই করতে হয়েছে। কর্মীদের ব্যবস্থাপনার কাজে তিনি যে খুব দক্ষ ছিলেন তাও নয়। শুরুর এ সময় কর্মীদের কাজ পছন্দ না হলে মজা করে হলেও একেবারে সামুরাই তরবারি দিয়ে মাথা কেটে ফেলার হুমকি পর্যন্ত দেখাতেন। যদিও তা মজা করেই বলতেন কিন্তু এর পেছনে সতর্ক করার বিষয়টাও ছিল। ফেসবুকের সাবেক কর্মী নোয়া কাগান তাঁর লেখা বইতে এ দাবি করেছেন। এ তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্যের ট্যাবলয়েড সংবাদপত্র মিরর।
নোয়া কাগান ‘হাউ আই লস্ট ১৭০ মিলিয়ন’ নামের একটি বই লিখেছেন। তাঁর লেখায় কাগান দাবি করেছেন, জাকারবার্গ যখন ২৩ বছর বয়সে ফেসবুক শুরু করেন তখন তাঁর ব্যবস্থাপনার ধরনও ছিল ‘অপরিণত’। ফেসবুকের শুরুর দিকে জাকারবার্গ তাঁর কর্মীদের মজা করার ছলে তরবারি দিয়ে গলা কেটে ফেলার মতো ভয়ও দেখাতেন।
কাগান জানান, তিনি ২০০৬ সালের দিকে ফেসবুকে ৩০ নম্বর কর্মী হিসেবে যোগ দিয়েছিলেন। যোগ দেওয়ার পর একবার তিনি জাকারবার্গকে রেগে গিয়ে এক কর্মীর কম্পিউটারের ওপর পানি ঢেলে দিতে দেখেছিলেন। ওই কর্মীর কাজ পছন্দ না হওয়ায় জাকারবার্গ রেগে যান এবং চিত্কার করে আবারও সেই কাজটি করার জন্য বলেন। এ সময় কম্পিউটারের ওপর পানিও ছুড়ে মারেন তিনি।
ফেসবুকে চাকরি শুরুর আট মাসের মাথায় চাকরি চলে যায় কাগানের। এ সময় তিনি ফেসবুকে ০.১ শতাংশ শেয়ারে চুক্তিবদ্ধ ছিলেন। কিন্তু চাকরি চলে যাওয়ায় তিনি সবকিছু হারিয়েছেন। সেই অভিজ্ঞতা থেকেই বই লিখেছেন ফেসবুকের সাবেক এই কর্মী।