যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তরুণ প্রজন্মের আগ্রহেরও পরিবর্তন দেখা যাচ্ছে। বেশির ভাগ তরুণ বর্তমানে তথ্যপ্রযুক্তি বিষয়ে আগ্রহী হয়ে উঠছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে অংশ নিয়ে উপার্জনও করছে। ‘ইন্ট্রোডাকশন টু দ্য ওয়েব’ বিষয়ক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। শুক্রবার ঢাকায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) মিলনায়তনে এই সেমিনারটির আয়োজন করে অনলাইনে সামাজিক পড়ালেখাবিষয়ক ওয়েবসাইট এডুরেটোডটকম (www.edureto.com)। সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান। উপস্থিত ছিলেন অভিনেত্রী মিতা নূরসহ আরও অনেকে। নজরুল ইসলাম খান বলেন, সরকার প্রত্যন্ত অঞ্চলেও ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংসহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে কাজ করছে। এ বিষয়ে আরও উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগেরও প্রয়োজন রয়েছে।সেমিনারে ইন্টারনেট ও ওয়েব অ্যাপ্লিকেশন, ব্রাউজার, কন্টেন্ট ব্যবস্থাপনা, এসপিডটনেট ও তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ারসহ মোট ১১টি পৃথক বিষয়ে বক্তারা উপস্থাপন করেন। বক্তব্য দেন সুহূদ সরকার, লোবান আমান রহমান, কাওসার আহমেদ, ইফনুস হোসেন, ইরফান রিজভী, মো. আসাদুজ্জামান, তারেকুল ইসলাম, নুরুল ফেরদৌস, শাহী মির্জা, নাহিদুল কিবরিয়া ও শেহজাদ নূর। এডুরেটোডটকমের প্রতিষ্ঠাতা শেহজাদ নূর বলেন, শিক্ষার্থীদের মধ্যে ওয়েবসাইট তৈরির বিষয়ে উৎসাহী ও যারা এ বিষয়ে কাজ করতে চায় বা শিখতে চায় তাদের জন্য এ সেমিনারের আয়োজন করা হয়েছে।এডুরেটোডটকম আগামী ৩০ সেপ্টেম্বর থেকে সামাজিক পড়াশোনা বিষয় নিয়ে কাজ শুরু করবে। —জিয়াউর রহমান চৌধুরী