‘ইন্টারনেট আলাদিনের আশ্চর্য প্রদীপকেও হার মানিয়েছে। প্রথম আলো ও গ্রামীণফোন দেশব্যাপী যে উৎসবের আয়োজন করেছে, তাতে তরুণ প্রজন্ম আরও উজ্জীবিত ও অনুপ্রাণিত হবে।’ গতকাল বৃহস্পতিবার ঢাকার সাভারে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে এসব কথা বলেন অধর চন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ।গতকাল সাভার ছাড়া ঢাকার কেরানীগঞ্জ ও জয়পুরহাটের ক্ষেতলালে ইন্টারনেট উৎসব হয়েছে। এর মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটল।উৎসবগুলোতে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, প্রথম আলো ও গ্রামীণফোনের তিনটি ভিডিওচিত্র দেখানো হয়।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কেরানীগঞ্জ: জিনজিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত উৎসবে কেরানীগঞ্জের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়।সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।অনুষ্ঠানে জিনজিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু রায়হান বলেন, ‘বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের কম্পিউটার ও ইন্টারনেট ছাড়া শিক্ষার বিকল্প নেই।’ ইউএনও আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। গ্রামীণফোনের এরিয়া ম্যানেজার আবদুহু সূফী বলেন, দেশ গঠনে আগামী প্রজন্মের ভূমিকাকে আরও শক্তিশালী করে তুলবে এই উৎসব। উৎসবে আরও বক্তব্য দেন প্রথম আলোর কেরানীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন।উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে জিনজিরা পীর মোহাম্মদ উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর ছাত্রী শাহানা আক্তার।সাভার: রাজধানীর অদূরে সাভারের অধর চন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত উৎসবে যোগ দেয় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী। সকালে অধর চন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ অতিথিদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের সূচনা করেন। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করে।প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন, গ্রামীণফোনের বিতরণ বিভাগের প্রধান সাজ্জাদ হাসিব, হেড অব করপোরেট অ্যান্ড কমিউনিকেশন তাহমিদ আজিজুল হক, উপপরিচালক মামুনুর রহমান খান, উপমহাব্যবস্থাপক ফারহা নাজ জামান, প্রধান শিক্ষক আবদুস সামাদ ও সাভার বন্ধুসভার সভাপতি হিমেল হোসেন।প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ইন্টারনেট উৎসব তরুণদের মধ্যে জাগরণ এনে দিয়েছে। তরুণদের গতিশক্তি বাড়িয়ে দিয়েছে।ইউএনও জাহিদ হোসেন বলেন, প্রথম আলো ও গ্রামীণফোনের এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে।উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয় সাভার বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফরহাদ হোসেন খান।ইন্টারনেট উৎসবের সূচনা হয়েছিল সাভার থেকেই। গত ৩১ জুলাই উৎসবের পরীক্ষামূলক আসর বসেছিল সাভার বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে। আর উৎসবের ইতিও টানা হয়েছে সাভারে।ক্ষেতলাল: সকালে ক্ষেতলাল ছাঈদ আলতাফুন্নেছা কলেজের মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর উৎসবের উদ্বোধন ঘোষণা করেন ভেন্যু শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষেতলাল সাঈদ আলতাফুন্নেছা কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান। অনুষ্ঠানে অধ্যক্ষ হাফিজুর রহমান বলেন, বিজ্ঞানের এই যুগে দেশকে এগিয়ে নিতে হলে নতুন প্রজন্মকে ইন্টারনেটের সঙ্গে অবশ্যই পরিচিত করে তুলতে হবে। এই আয়োজনের কারণে প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীরা ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে জানতে পারছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা বলেন, আজকের এই আয়োজন নিঃসন্দেহে অবহেলিত এই জনপদের জন্য সুফল বয়ে আনবে।গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক মেহেদি মাহমুদুল হক বলেন, ইন্টারনেট ব্যবহার করতে জানলে ঘরে বসেই অনেক টাকা আয় করা সম্ভব।উৎসবে উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন।ক্ষেতলালে আই-জিনিয়াস নির্বাচিত হয় ক্ষেতলাল ছাঈদ আলতাফুন্নেছা কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মো. মানিক মণ্ডল।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, ক্ষেতলাল বন্ধুসভার সভাপতি গোলাম মোস্তফা ও প্রথম আলোর ক্ষেতলাল প্রতিনিধি আজিজার রহমান।