
মাথার ওপর চৈত্রের গনগনে সূর্য। এরই মধ্যে আট হাজার শিক্ষার্থীর জমায়েত। গায়ে কালো আলখাল্লা, মাথায় কালো টুপি। ঘেমে-নেয়ে একাকার। তবু উচ্ছ্বাসের কমতি নেই।
কারণ দিনটি একটি বিশেষ দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের বিশাল প্যান্ডেলে ঘটল এই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনের শেষ আড্ডার মঞ্চায়ন।
উৎসাহ, উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে গতকাল সোমবার উদ্যাপিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সমাবর্তন। সর্বোচ্চ সম্মান নিয়ে বিদায় নিলেন স্নাতক শেষ করা শিক্ষার্থীরা।
সমাবর্তনে আট হাজার ৩১২ জনকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। এ ছাড়া ৩৮ জন গবেষক পিএইচডি, ২৫ জন এমফিল, ৩৩ জন স্বর্ণপদক, ৩৪ জন এমডি-এমএস ডিগ্রি পান।
সম্মানসূচক ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি দেওয়া হয় ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চের (সার্ন) মহাপরিচালক অধ্যাপক রলফ-ডিটার হুয়েরকে। সমাবর্তন বক্তা হিসেবে তিনি শিক্ষার্থীদের সামনের জীবনে দেশের সেবা করার উপদেশ দেন। গর্ব প্রকাশ করেন ‘সত্যেন বোস’-এর প্রতিষ্ঠান থেকে এই সম্মান পেয়ে। তিনি বলেন, ‘পদার্থবিজ্ঞানে সত্যেন বোসের অবদান অনস্বীকার্য। বাংলাদেশের সঙ্গে বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ের যে যোগাযোগ আছে, এসব ক্ষেত্রে সত্যেন বোসের মতো শিক্ষকের অবদান আছে। আমরা প্রায়ই জিজ্ঞেস করি, তাঁকে কেন নোবেল পুরস্কার দেওয়া হলো না।’ আণবিক পদার্থবিজ্ঞানের গবেষণাগারের মহাপরিচালক রলফ হুয়ের বলেন, প্রায়োগিক বিজ্ঞানের যেমন প্রয়োজন রয়েছে, তেমনি মৌলিক বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রও বাড়াতে হবে। কেননা মৌলিক বিজ্ঞান থেকেই প্রায়োগিক বিজ্ঞানের সৃষ্টি হয়।
আচার্য ও উপাচার্যের আহ্বান: সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘সার্টিফিকেটসর্বস্ব শিক্ষা নয়, নোট মুখস্থ করে পাস করা শিক্ষা নয়, আলোকিত মানুষ হওয়ার শিক্ষা চাই, সৃজনশীল ব্যক্তিত্ব গড়ার শিক্ষা চাই। হাজার দুয়ারি আলোকিত রাজ্যে প্রবেশের মাধ্যম হোক শিক্ষা। কূপমণ্ডূকতায় আবিষ্ট বদ্ধ ঘরের খোলা জানালাটি হোক শিক্ষা।’
রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ইতিবাচক ছাত্ররাজনীতি চর্চায় ছাত্রসংগঠনগুলোকে আহ্বান জানান। শিক্ষকদের বলেন পাঠে আনন্দের সম্মিলন ঘটাতে। রাষ্ট্রপতি বলেন, ‘মুক্তিযুদ্ধে আমরা বিজয়ী হলেও প্রতিবিপ্লবের ফলে মুক্তিযুদ্ধের পক্ষের ও বিপক্ষের শক্তির লড়াই, প্রগতি ও প্রতিক্রিয়ার লড়াই, শুভ ও অশুভের লড়াই, ধর্মপরায়ণতা ও ধর্মান্ধতার লড়াই আমাদের সমাজ ও রাষ্ট্র থেকে শেষ হয়ে যায়নি। আমরা আজ আবার ইতিহাসের এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। আজকের লড়াইয়ে শুভ শক্তি জয়ী না হলে রাষ্ট্র হিসেবে আমরা পিছিয়ে যাব।’
উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, নানা কারণে দেশে প্রাক্-বিশ্ববিদ্যালয় পর্যায়ে দক্ষতা সৃষ্টি এবং সে অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ পর্যাপ্ত নয়। শিক্ষার্থীর সংখ্যা প্রতিবছরই বাড়ছে। বিভাগগুলোতে সব শিক্ষার্থী যে তাদের দক্ষতা ও আগ্রহ অনুযায়ী ভর্তি হচ্ছে, সে কথা বলা যাবে না। এর পরিণাম শুভ হতে পারে না। তিনি বৃহত্তর জাতীয় পরিকল্পনায় আর্থিক ও শিক্ষা পরিকল্পনাকে সমানভাবে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান।
তারুণ্যের প্রাণময় স্পর্শ: খানিক আনুষ্ঠানিকতা বাদে দিনভর দলগত আড্ডা আর হইচই। আগের দিন থেকেই ক্যাম্পাসে শুধু গাউন আর টুপির প্রাধান্য। রাতেও ছিল ছবি তোলার প্রতিযোগিতা। প্রতিটি দলের সঙ্গে অন্তত একটি ক্যামেরা। পুরো ক্যাম্পাসের সব কটি ইট-পাথরের সঙ্গে প্রত্যেকের একটা ছবি থাকা চাই-ই।
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ থেকে সদ্য স্নাতক জিয়াউল হক বলেন, ‘পুরো ক্যাম্পাসে কত যে স্মৃতি, সেসব কখনোই ভুলে যাওয়ার নয়। তার পরও ছবির ফ্রেমে কিছু মুহূর্তকে বন্দী রাখা, যেগুলো দেখলে মনে পড়বে রঙিন সময়টাকে।’
সমাবর্তন উপলক্ষে পুরো ক্যাম্পাসকে সাজানো হয় মনোরম সাজে। প্রবেশপথগুলোয় বসে তোরণ। কার্জন হল, রাজু ভাস্কর্য, অপরাজেয় বাংলা, টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, স্বাধীনতাসংগ্রাম ভাস্কর্য, কলাভবন, বটতলায় যেন শিক্ষার্থীদের মেলা জমে।
উপাচার্য তাঁর বক্তব্যের একপর্যায়ে বলেন, ‘নবীন প্রাণের সরব পদচারণে মুখরিত হয়ে উঠেছে সমাবর্তন প্রাঙ্গণ, তাদের প্রাণময় স্পর্শ যেন ভুলিয়ে দিয়েছে চৈত্রের খর প্রকৃতির উত্তাপ।’