তরুণ বিজ্ঞানী এনামুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনামুল হক
এনামুল হক

এবারের আইইউপিএসি (IUPAC) তরুণ বিজ্ঞানীর অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের এনামুল হক। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, কানাডাসহ ৩৫টি দেশের গবেষক ও বিজ্ঞানীদের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের এনামুল নিজেকে প্রমাণ করলেন ‘পাঁচ তরুণ বিজ্ঞানী’র একজন হিসেবে।

৮ থেকে ১৩ ডিসেম্বর ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রির (আইইউপিএসি) এ সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল নিউজিল্যান্ডের অকল্যান্ডে।

এনামুল সিডনি বিশ্ববিদ্যালয়ে ‘কেমিক্যাল ও বায়োমলিকুলার ইঞ্জিনিয়ারিং’ বিভাগে পিএইচডি করছেন। ছিদ্রযুক্ত গ্রাফিন তৈরির এক নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন এনামুল। কী ছিল এনামুলের গবেষণার বিষয়, জানা যাক তাঁর কথায়, ‘গ্রাফিন হচ্ছে এক পরমাণুর পুরুত্ববিশিষ্ট কার্বন দিয়ে তৈরি পাতলা একটি স্তর। ছিদ্রযুক্ত এ গ্রাফিন দিয়ে আমি একটি ইলেক্ট্রনিক যন্ত্র তৈরি করেছি। এটি দীর্ঘক্ষণ যাবৎ বেশি পরিমাণ ইলেকট্রিক চার্জ সংরক্ষণ করতে পারবে, যাকে বলা যায় ‘সুপার ক্যাপাসিটর’। এই ছিদ্রযুক্ত গ্রাফিন দিয়ে সর্বোচ্চ কার্যক্রম ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি প্রভৃতি তৈরি করা যাবে। এটি বাণিজ্যিকভাবে করা সম্ভব হলে ইলেকট্রিক চার্জ সংরক্ষণের ক্ষেত্রে তা যুগান্তকারী পরিবর্তন আনবে।’

সিডনি বিশ্ববিদ্যালয়ে এনামুলের সঙ্গে আলাপকালে তিনি আরও জানান, ‘আমার কাজটি উপস্থাপনের পর আমেরিকার বিখ্যাত বিজ্ঞানভিত্তিক জার্নাল এসিএস ন্যানো-এর সম্পাদক পল এস ওয়েস বললেন, “তোমার গবেষণাটি অতি চমৎকার।” এমআইটি থেকে পিএইচডিপ্রাপ্ত গবেষক হালপার্ট জনাথন আমাকে বললেন, “তুমি খুব দারুণ কাজ করেছ। আশা করি তুমি পুরস্কৃত হবে।” আমি খুব খুশি হয়েছিলাম তাঁদের কথা শুনে। কিন্তু ভাবিনি সত্যি সত্যিই পুরস্কার পেয়ে যাব।’

আইইউপিএসি একটি বিখ্যাত বিজ্ঞানভিত্তিক সংস্থা, যেখান থেকে রসায়নের সব মৌল ও যৌগের নামকরণ করা হয়।

গবেষণাকাজে অভূতপূর্ব এ সফলতার জন্য এনামুল কৃতজ্ঞতা প্রকাশ করেন সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্ড্রু সিনেট ও এই বিশ্ববিদ্যালয়ের আরেক পিএইচডি গবেষক তাঁর বন্ধু শেখ নাঈম ফয়সালের প্রতি।

এনামুল হক রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থী। তিনি স্নাতক (সম্মান) সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে। এরপর মাস্টার্স করতে বৃত্তি নিয়ে যান দক্ষিণ কোরিয়ায়। সেখানে তিনি তাঁর গবেষণাকাজের জন্য ‘ব্রেইন অব কোরিয়া’ পুরস্কার লাভ করেন। ভবিষ্যতে অনেক বড় গবেষক ও বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখেন এনামুল, বিশ্বের দরবারে তুলে ধরতে চান বাংলাদেশকে।