
শীত সবে পড়তে শুরু করেছে। তার পরও শীতের ঠান্ডার মধ্যে সকালের একটু রোদ যেন প্রাণটা জুড়িয়ে দেয়। সেই প্রাণজুড়ানো রোদের একটু উষ্ণতা খুঁজতে ডায়ানা চত্বরে বসতেই দেখা গেল একদল তরুণ-তরুণী মেতে উঠেছেন তর্ক-বিতর্কে। এটা ঠিক কোনো ঝগড়ার কথা বলছি না। বলছি ১৭ নভেম্বর অনুষ্ঠিত হয়ে যাওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডায়ানা চত্বরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন তরুণ বিতার্কিকের পথবিতর্কের কথা। বিষয় ছিল ‘আজকের তারুণ্য আগামী সম্ভাবনার ভবিষ্যৎ’।
যথারীতি বিতর্কের পক্ষে-বিপক্ষে বক্তব্য আর যুক্তির উপস্থাপন শুরু হলো। পক্ষ দলের বক্তা আরিফা সুলতানা তখন যুক্তির দ্যুতি ছড়াচ্ছেন। অন্যদিকে বিপক্ষের বক্তা সানজিদা নাছরিনও কম গেলেন না। আবার পক্ষ দলের দলনেতা দেলোয়ার হোসেন বললেন, ‘আজকের তারুণ্যই আগামী বাংলাদেশের সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারবে।’
বিপক্ষের দলনেতা আরিফুল ইসলাম বললেন, ‘তরুণদের তাদের নির্দিষ্ট লক্ষ্য দেখাতে না পারলে, একই বৃত্তের মধ্যে এনে স্বপ্ন দেখাতে না পারলে তরুণেরা আগামী বাংলাদেশের সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারবে না।’
শেষমেশ দর্শকদের ভোটে দুই দলই বিজয়ী হয়।
বিতর্কে বিচারক ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সভাপতি ইমামুল হাসান, সহসভাপতি মিফতাহুল হাসান ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান।
কথা হলো ইমামুল হাসানের সঙ্গে। তিনি জানালেন, ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি সাফল্যের সঙ্গে পেরিয়ে গেছে ২১টি বছর। প্রতিবছরই আন্তবিভাগ ও আন্তহল বিতর্ক প্রতিযোগিতা হয়। জাতীয় ও টেলিভিশন পর্যায়ের বিতর্কেও সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন এই তরুণ বিতার্কিকেরা। বিতর্ক নিয়ে বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত আয়োজিত হয়েছে কয়েকটি বিতর্ক কর্মশালা।