তরুণ হূদয়ে সমুদ্রের উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্তর্জাল নিয়ে একটা উৎ সব বসবে, জিনিসটা ঠিক কী হবে, আগে থেকে একটা অনুমান ছিল, কিন্তু বাস্তব অভিজ্ঞতা ছিল না। কাজেই আমার কৌতূহল ছিল, আর ছিল বেশ খানিকটা সংশয়। জিনিসটা আদৌ জমবে কি? কক্সবাজারে ২৯ সেপ্টেম্বর সকাল ১০টায় সরকারি মহিলা কলেজে গিয়ে চক্ষু-কর্ণের বিবাদ ভঞ্জন হলো। সকাল থেকেই হাজার হাজার ছেলেমেয়ে এসে কলেজ চত্বর জমজমাট করে ফেলেছে। কলেজের অধ্যক্ষ বড় সতর্ক ছিলেন, তাঁর বাগানে ছোট ছোট গাছের সারি দিয়ে তিনি কলেজের নাম লিখিয়েছিলেন, সেটা কি আস্ত থাকবে? বলা বাহুল্য, ছিল না শেষ পর্যন্ত। মঞ্চে প্রথমে হলো বক্তব্য, যেমন হয়। তারপর টেলিভিশন পর্দায় দেখানো হলো, ইন্টারনেট আমাদের কী কী কাজে লাগে। গ্রামীণফোনের এই ছোট্ট টিভিচিত্র থেকে জানা গেল অনেক কিছু। বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সৌজন্যে স্কুলের মুখস্থবিদ্যার ওপরে যে একটা প্রচারণামূলক নাটিকা দেখানো হলো টেলিভিশন পর্দায়, সেটা বাচ্চারা খুবই উপভোগ করল। দেখানো হলো প্রথম আলোর ওপর ছোট্ট প্রামাণ্য চিত্র। তারপর শুরু হলো আই-জিনিয়াস প্রতিযোগিতা। মঞ্চে উপবিষ্ট শিক্ষার্থীদের হাতে একটা করে মোবাইল ফোন। তাদের প্রশ্ন করা হয়, তারা ইন্টারনেট ব্যবহার করে উত্তর দেয়। এভাবে প্রত্যেক গ্রুপ থেকে বের করা হলো একজন করে বিজয়ী। শেষে আটজন বিজয়ী থেকে বের করে আনা হলো একজন জিনিয়াস। এরপরে যখন ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতা হবে তখন কক্সবাজারের প্রতিনিধিত্ব করবে এই বিজয়ী। তার নাম আলিফ ইমতিয়াজ নূর নিশান। নিশানের হাতে ভার কক্সবাজারের নিশান বইবার। শুধু কি কক্সবাজারের, আগামী দিনের বাংলাদেশের নিশানও কি বইবে না এই নিশানেরা?শিশুদের মধ্যে যে চৌকস ভাব, তাদের চোখেমুখে আলোর যে দীপ্তি আমি সেদিন কক্সবাজারের শিক্ষার্থীর মধ্যে দেখেছি, তাতে আশাবাদী না হয়ে পারাই যায় না। যেকোনো জিনিসেরই ভালো দিক আছে, খারাপ দিক আছে। ভালোটা নেব, নাকি খারাপটা, নির্ভর করে ব্যবহারকারীর ওপর। আমরা নতুন প্রযুক্তিকে নিজেকে আলোকিত করার কাজে ব্যবহার করব, ব্যবহার করব সেই আলোয় বাংলাদেশটাকেই আলোকিত করে তুলতে, সে কথাটাই যেন নতুন করে উপলব্ধি করতে পারলাম কক্সবাজারে। আর প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা যে আন্তরিকতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজে লেগে পড়ে, তারই কি কোনো তুলনা হয়?এ রকমের উৎ সব সারা দেশে হবে। প্রায় দুই লাখ ছেলেমেয়ে যোগ দেবে এই উৎ সবে। শুধু ইন্টারনেটের ব্যবহার শেখা নয়, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ হবে। ছেলেমেয়েরা মঞ্চে উঠে নির্ভয়ে কথা বলতে শিখবে। সব মিলিয়ে নতুন দিনের নতুন মানুষেরা নিজেদের আরেকটু শক্তপোক্তভাবে তৈরি করার উপাদান পাবে।কক্সবাজারে গিয়ে বৃহত্তম সমুদ্রসৈকতে তরঙ্গায়িত সমুদ্রে স্নানটা এবার করার সময় পাইনি বটে, কিন্তু বাংলাদেশের তারুণ্যের প্রাণে প্রাণে যে উচ্ছ্বাস দেখেছি, তা সমুদ্রের চেয়ে কম কিসে?