তরুণদের উদ্ভাবনী ক্ষমতা নিয়ে সেমিনার
ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জিডিএলএন সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল কল্পকৌশল ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের মধ্যে পরিচিতিমূলক সেমিনার। এতে বক্তব্য দেন কল্পকৌশলের কর্ণধার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) মিডিয়া ল্যাবের পিএইচডি শিক্ষার্থী নাজমুস সাকিব এবং এমআইটির যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী তামান্না ইসলাম। সেমিনারের বিষয় ছিল কীভাবে বাংলাদেশের তরুণ এবং মেধাবী ছাত্রদের উদ্ভাবনী ক্ষমতাকে বিকশিত করা যায়, তা নিয়ে এমআইটির বর্তমান এবং সাবেক কিছু শিক্ষার্থীর উদ্যোগের ফসল কল্পকৌশলকে সবার সঙ্গে পরিচয় করানো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষক আন্নাজিয়াত আলিম এবং মোহাম্মদ শামসুল কাওনাইন।
বক্তারা এমআইটিতে মেধা ও দক্ষতাকে যে ধরনের পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, তার কিছু ধারণা দেন উপস্থিত শিক্ষার্থীদের। সেমিনারে অংশগ্রহণকারীদের নিজেদের দক্ষতাকে সমাজ ও দেশের কাজে লাগানোর ওপর জোর দেন তাঁরা। বক্তারা একইসঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে মেয়েদের আরও বেশি করে অংশ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। নাজমুস সাকিব বলেন, ‘কল্পকৌশল দেশের নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন ও প্রয়োগের জন্য উৎসাহ দিচ্ছে, যাতে করে তারা সেসব জ্ঞান দেশের মানুষের কাজে লাগাতে পারে।’
সেমিনারের শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত ইশারা ভাষাকে কথায় রূপান্তরে সক্ষম একটি যন্ত্র সবার সামনে প্রদর্শন করা হয়। সেমিনারটি আয়োজন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কম্পিউটার ক্লাব।
বিজ্ঞপ্তি