তরুণদের কূটনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ডানমুন সম্মেলনে উপস্থিত হয়েছিলেন ৩৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ডানমুন সম্মেলনে উপস্থিত হয়েছিলেন ৩৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বিশ্ব বাণিজ্য সংস্থার সাধারণ সম্মেলনে কৃষিতে ভর্তুকি কমানোর বিষয়ে তুমুল বিতর্ক চলছে। উন্নত বিশ্বের দেশগুলো কিছুতেই তাদের কৃষি-ভর্তুকি কমাবে না, উন্নয়নশীল দেশগুলোও তাদের দাবি ছাড়বে না। শ্রীলঙ্কার প্রতিনিধি রাকিব আর ইন্দোনেশিয়ার প্রতিনিধি ফারহানের তীব্র যুক্তির কাছে অবশেষে উন্নত দেশগুলো নতি স্বীকার করল। তিন দিনের টানা আলোচনার পর বিশ্বনেতারা একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছালেন। সেই সিদ্ধান্ত জাতিসংঘের সাধারণ অধিবেশনে সর্বসম্মতিক্রমে পাস হলো। কিন্তু সম্মেলন শেষে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য—ভারতের প্রতিনিধি রুবাইত আর পাকিস্তানের প্রতিনিধি বাঁধন একে অন্যের খুব ভালো বন্ধু হয়ে গেছেন। অন্যদিকে, ইসরায়েলের প্রতিনিধি শুভ্র, আরব আমিরাতের প্রতিনিধি শামান্তাকে জানিয়েছেন নিজ দেশে ভ্রমণের আমন্ত্রণ। কূটনীতির আড়ালে ঢেকে থাকা সম্মেলন শেষ দিনে পরিণত হলো বন্ধুত্বের মিলনমেলায়।

বলছিলাম ‘ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্স (ডানমুন ২০১৩)’-এর কথা। ১৭ থেকে ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে অনুষ্ঠিত হয় এ সম্মেলন। বিশ্ব সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যে সৃষ্ট জাতিসংঘের আদলে গড়ে তোলা ‘ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন’ (ডিইউমুনা) দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে ডানমুন ২০১৩। ডানমুন ২০১৩-এর প্রতিপাদ্য বিষয় ছিল ‘মানবতাকে ধারণ করে শান্তি প্রতিস্থাপন’।

ডানমুন ২০১৩-তে ছিল আটটি কমিটি—ইকোনমিক ও ফিন্যান্সিয়াল কমিটি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হিউম্যানিটারিয়ান ও কালচারাল কমিটি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, হিউম্যান রাইটস কাউন্সিল, সিকিউরিটি কাউন্সিল ও স্পেশাল কমিটি ফর বাংলাদেশ। কমিটিগুলোর প্রতিটিতে আলাদা আলাদা বিষয় সাপেক্ষে ওয়ার্কিং পেপার ও ড্রাফট রেজ্যুলেশন পাস করা হয়, যা শেষ দিন প্ল্যানারি সেশনে রেজ্যুলেশন আকারে পাস হয়।

প্রতিষ্ঠার পর ২০১০ সালে থেকে ডিইউমুনা কাজ করে যাচ্ছে শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের মাধ্যমে কূটনীতির সৃজনীশক্তি ছড়িয়ে দিতে। দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয় থেকে ৬০০ শিক্ষার্থী যোগ দিয়েছিলেন এবারের ডানমুনে। সব মিলিয়ে ৪০টি পুরস্কার পেয়ে এবারের সম্মেলনে সেরা দল হওয়ার গৌরব অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়।

চার দিনে হয়েছে অনেক তর্ক, দর-কষাকষি আর কূটনীতির মারপ্যাঁচ। কিন্তু দিন শেষে আমরা সবাই একে অন্যের বন্ধু, বন্ধুত্বের শক্তি দিয়েই বিশ্বে শান্তি আনতে হবে—এ বার্তাই দিয়ে গেল ডানমুন ২০১৩।

ডিইইমুনার প্রেসিডেন্ট মোহাম্মদ মামুন মিয়া ও সাধারণ পরিষদের মহাসচিব ফায়েজ আহমেদ এই সম্মেলনের ব্যাপ্তিকে আন্তর্জাতিক পর্যায়ে আরও ছড়িয়ে দিতে চান। বিশেষ করে আগামী সম্মেলন থেকে বেশি হারে বিদেশি শিক্ষার্থীর অংশগ্রহণ বাড়ানো তাঁদের মূল লক্ষ্য।