মাইক্রোসফটের আয়োজনে ব্যবসায় মডেল তৈরির আন্তর্জাতিক প্রতিযোগিতা এবার বাংলাদেশেও হতে যাচ্ছে। বাংলাদেশ স্টার্টআপ কাপ নামে এ প্রতিযোগিতা হবে আগামী এপ্রিল মাসে। এতে তরুণ উদ্যোক্তারা অংশ নিতে পারবেন।
১১ জানুয়ারি ঢাকার মাইক্রোসফট বাংলাদেশ কার্যালয়ে প্রতিযোগিতা নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্যামাপ্রসাদ ব্যাপারী, যুক্তরাষ্ট্রের অ্যাটমোস স্ট্র্যাটেজিক কমিউনিকেশন্সের প্রেসিডেন্ট ক্রিস্টেন বার্গমেন এবং ওয়াশিংটন টাইমস-এর সাবেক সম্পাদক এড কেলি। কর্মশালার মূল বিষয় ছিল ব্যবসা প্রসারের জন্য জনসংযোগ। ৫০টির বেশি নতুন উদ্যোগের প্রতিষ্ঠাতারা এতে অংশ নেন। কর্মশালার প্যানেল আলোচনায় অংশ নেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের জ্যেষ্ঠ প্রভাষক এম রিজওয়ান শরীফ ও ইমপ্যাক্ট পিআরের প্রধান নির্বাহী সাবরিনা জামান।
স্টার্টআপ কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের একটি নির্দিষ্ট সময় থেকে সাত মাসের কর্মকাণ্ড বিবেচনা করা হয়। বাংলাদেশে প্রথমবারের মতো এটি শুরু হবে ১৪ এপ্রিল। এর আগে বিভিন্ন কর্মশালা এবং অনুষ্ঠানের আয়োজন করা হবে। মাইক্রোসফট বাংলাদেশের টেক ইভাঞ্জালিস্ট তানজিম সাকীব জানান, বাংলাদেশের তরুণদের কাছে ব্যবসায় উদ্যোগ দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। তরুণদের এই উদ্যমের প্রকৃত ফল পেতে সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণের বিকল্প নেই।
বাংলাদেশ স্টার্টআপ কাপের তথ্য পাওয়া যাবে ফেসবুক পেইজে। ঠিকানা: www.facebook.com/bangladeshstartupcup —নিজস্ব প্রতিবেদক