তরুণদের জুয়ায় আসক্ত করছে ফেসবুক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন যে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে ক্যাসিনো-বিষয়ক বিভিন্ন গেম তরুণদের জুয়া খেলার আসক্তি তৈরি করছে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।যুক্তরাজ্যের স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ক্যারোলিন ডাউনস জানিয়েছেন, ‘ভারচুয়াল কয়েন’ বা অনলাইনে ব্যবহূত বিভিন্ন মুদ্রা ব্যবহার করে জ্যাকপটজয়, স্লটোম্যানিয়া ও ডাবলডাউনক্যাসিনোর মতো গেমগুলোতে অভ্যস্ত হয়ে পড়ছে তরুণেরা। ফেসবুকে ফার্মভিল গেমটির নির্মাতা জিংগাও জুয়া খেলার গেম তৈরি করছে।ক্যারোলিন ডাউনস আরও জানিয়েছেন, তরুণেরা ক্যাসিনোভিত্তিক বিভিন্ন গেম খেলতে বয়স গোপন করছে। যুক্তরাজ্যে এ ধরনের গেম খেলার জন্য কমপক্ষে যেখানে ১৮ বছর বয়স প্রয়োজন পড়ে সেখানে ১৩ বছর বয়সীরাও এ ধরনের গেম খেলতে অভ্যস্ত হয়ে পড়ছে, যা পরবর্তীতে তাঁদের জীবনে প্রভাব ফেলতে পারে ও জুয়ায় আসক্তি তৈরি করতে পারে।’ক্যারোলিন তাঁর ১৩ বছর বয়সী মেয়ের উদাহরণ টেনে জানিয়েছেন, গেম খেলতে গিয়ে তাঁর মেয়ে সব ভার্চুয়াল মুদ্রা খরচ করে মন খারাপ করে বসেছে। এবং এ গেমের জ্যাকপট জিততে সে আরও উত্সাহী হয়েছে। এ বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের দাতব্য সংস্থা গ্যামকেয়ার সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে গেমগুলো বিষয়ে তদন্ত করতে যুক্তরাজ্যের গ্যাম্বলিং কমিশনের কাছে আবেদন করেছে।অবশ্য এ প্রসঙ্গে ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, নিয়মনীতি মেনেই এ ধরনের গেম ফেসবুকে পরিচালনা করা হচ্ছে।