তরুণদের দূত নাহিদ

নাহিদুল ইসলাম, পড়ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স শেষ বর্ষে। কিন্তু তিনি স্বপ্ন দেখেন সমাজকে বদলে দেওয়ার, পৃথিবীকে এগিয়ে নেওয়ার। তাঁর সেই স্বপ্নের পথে হাঁটার স্বীকৃতি পেয়েছেন তিনি জাতিসংঘের কাছ থেকে। ২০১৩ সালে জাতিসংঘের অনলাইন ভলান্টিয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন বাংলাদেশের নাহিদুল ইসলাম।
দেশের জন্য এই সম্মান নাহিদই প্রথম অর্জন করলেন। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে নাহিদ বলেন, ‘২০১৩ সালের মে মাসে আমি জাতিসংঘের অনলাইন ভলান্টিয়ারিং সার্ভিসে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিই। ব্যবসায় শিক্ষার শিক্ষার্থী হিসেবে আমার আগ্রহের সঙ্গে এই প্রকল্পের কর্মপরিকল্পনার মিল ছিল। তাই কাজটি করতে গিয়ে আমার কোনো সমস্যা হয়নি, বরং আমি অনেক কিছু শিখেছি ও আনন্দ পেয়েছি। অ্যাসোসিয়েশন অব আফ্রিকান এন্ট্রারপ্রেনিউরসের (এএই) হয়ে আমি জিম্বাবুয়ের ব্যবসার পরিবেশের ওপর গবেষণা করি এবং আমার গবেষণাপত্র জমা দিই। এই প্রকল্পে থেকে যে শিক্ষাটি আমি লাভ করেছি, তা হলো পৃথিবীর দরিদ্র দেশগুলোয় কীভাবে শান্তি আনা যায় এবং উন্নতির ক্ষেত্র তৈরি করা যায়, তা জানা। আমি আমার দেশের তরুণদের বলতে চাই, আমাদের একটু সদিচ্ছা ও সময়ের সদ্ব্যবহারই পারে দেশে শান্তি ও প্রগতির ধারা তৈরি করতে। আমরাই পারি পৃথিবীকে নতুনভাবে গড়ে তুলতে। তাই আমাদের কর্মস্পৃহায় কখনো ছাড় দেওয়া যাবে না।’
নাহিদ অনেক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তাঁর কাজ করে যাচ্ছেন। এর মধ্যে আছে সাউথ এশিয়ান ইয়ুথ সোসাইটি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ক্লাব ২৫ ইন্টারন্যাশনাল, দুর্জয়, ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসাডর ও জাতিসংঘের অনলাইন ভলান্টিয়ার্স। এই সংগঠনগুলোর সঙ্গে কাজ করার স্বীকৃতিস্বরূপ দেশে ও বিদেশে অনেক সম্মাননা পেয়েছেন নাহিদ। এর মধ্যে আছে সিউল কনফারেন্স অন সাইবারস্পেস ২০১৩-এ অফিশিয়াল সোশ্যাল নেটওয়ার্কিং সাপোর্টার পদক, জাতিসংঘ পরিবেশ প্রোগ্রাম ২০১৩-এ সম্মাননা সনদ এবং আন্তর্জাতিক সাপ্লাইচেইন শিক্ষাজোটের (আইএসসিইএ) বৃত্তি। নটরডেম কলেজের সাবেক এই কৃতি শিক্ষার্থী কলেজে পড়ার সময় পেয়েছিলেন শতভাগ উপস্থিতি সনদ।
ক্লাব ২৫ ইন্টারন্যাশনাল ও ইউনেসকো ইয়ুথ ফাউন্ডেশন আয়োজিত গ্লোবাল ইয়ুথ মিট ২০১৪-এ অংশ নিতে নাহিদ ২০ ফেব্রুয়ারি ভারত ও মিয়ানমার ভ্রমণে যাবেন। বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে নাহিদ অনেক পরিশ্রম করার এবং অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখেন।