তরুণদের প্রতি সত্য নাদেলার প্রেমের বাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সত্য নাদেলা
সত্য নাদেলা

তরুণ শিক্ষার্থীদের প্রেমে পড়া উচিত—এ বাণী স্বয়ং মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলার। তবে নাদেলা বলেছেন, তরুণদের প্রেমে পড়া উচিত তাঁদের কাজের সঙ্গে। তাঁরা যে কাজটি করেন, সেই কাজের প্রেমে পড়লেই কেবল সবকিছু সহজ বলে মনে হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে আইএএনএস।
মাইক্রোসফটের প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবারের মতো ভারতে গেছেন সত্য নাদেলা। সম্প্রতি সেখানকার তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ করে ভারতীয় বংশোদ্ভূত নাদেলা বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, কাজের প্রতি ভালোবাসা। আপনারা যা করেন সেই বিষয়টাকে ভালোবাসতে হবে। এটা করলে তারপর সবকিছুই সহজ বলে মনে হবে।’
ট্যালেন্ট ইন্ডিয়া ২০১৪ নামের অনুষ্ঠানে মাইক্রোসফটের প্রধান নির্বাহী আরও বলেন, ‘তরুণদের সঙ্গে কথা বলার বিষয়টা চমৎকার। তাঁদের উৎসাহ, উচ্চাশা ও আত্মবিশ্বাস অনুভব করার মতো। ভারতের অনেক তরুণের সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্য আমার হয়েছে। আমি সেই আভাস পেয়েছি।’
কাজ ভালোবাসা প্রসঙ্গে নাদেলা আরও বলেন, ‘দীর্ঘমেয়াদে দেখা যায়, ইমোশনাল কোশেন্ট (ইকিউ) ইন্টেলিজেন্স কোশেন্ট (আইকিউ) ছাপিয়ে যায়।’