তরুণদের স্বপ্ন পূরণ করবে হাইটেক পার্ক: জুনাইদ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০২১ সালের মধ্যে ১০ লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নিয়ে হাইটেক পার্ক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যশোর হাইটেক সফটওয়্যার পার্ক হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের তরুণ-তরুণীর স্বপ্ন পূরণের গন্তব্য।
যশোরে আজ রোববার বেলা ১১টায় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় স্কিল ডেভেলপমেন্ট কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুনাইদ আহমেদ বলেন, সফটওয়ার রপ্তানিতে ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন (৫০০ কোটি) ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী তিন বছরে আয় হবে ৩০০ কোটি ডলার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি প্রকল্প এখন স্বপ্ন নয়, বাস্তব।
যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন যশোর-৩ আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ, যশোর-২ আসনের সাংসদ মনিরুল ইসলাম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগমসহ আরও অনেকে।