তরুণদের হাত ধরে পরিবর্তন ঘটবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহিনা হালিম
রুহিনা হালিম

অনেকের ভাবনা আমাদের তরুণ প্রজন্মকে নিয়ে। কেউ বলেন তাঁরা আত্মকেন্দ্রিক। কেউ বলেন এই প্রজন্ম উচ্ছন্নে গেছে। এমনই নানা ভাবনার জায়গা থেকে আমরা ২০১২ সালে একটা জরিপ চালাই তরুণদের ওপর। বাংলাদেশের পাঁচটি স্থানে আমরা জরিপটা পরিচালনা করি ‘কোয়ালিকেটিভ রিসার্চ’-পদ্ধতি অবলম্বন করে। যেটা আলোচনাভিত্তিক জরিপ। এখানে প্রতিজন তরুণ বা তরুণীর সঙ্গে আলোচনা ও তাঁর আচরণ পর্যবেক্ষণের মাধ্যমে জরিপকাজ চালানো হয়। ‘জেন জেড’ শিরোনামের এই জরিপে আমরা তুলে এনেছি বর্তমান সময়ের তরুণদের নানা দিক। যেটা পর্যবেক্ষণ করে দেখা যায়, বাংলাদেশে একটা বড় পরিবর্তন ঘটাচ্ছেন তরুণেরা। সেটা যে দুম করে ঘটে যাচ্ছে তা নয়, ঘটছে একটা নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে। ধনী-গরিব, ক্ষমতাধর-সাধারণ—সব ধরনের তরুণদের অন্তর্ভুক্ত করা হয়েছে এই জরিপে।
আমরা জানতে চেয়েছি বর্তমান তরুণদের সম্পর্ক, চাহিদা, খাদ্য, সমাজ, দেশ, আদর্শ ইত্যাদি নিয়ে। তাঁদের ভাবনার নানা দিক সরাসরি উঠে এসেছে এই জরিপে। দেখা গেছে, তাঁরা সব বিষয়ে সরাসরি কথা বলতেই পছন্দ করেন। ফ্যাশন-সচেতনতা বেড়েছে প্রায় সব তরুণের মধ্যে। তাঁরা অনেক বেশি আড্ডা দিতে ভালোবাসেন। যেকোনো নতুন প্রযুক্তি বিষয়ে জ্ঞান রাখায় আগ্রহী। প্রযুক্তির মাধ্যমেই দেশের বড় পরিবর্তন ঘটতে পারে বলে তাঁরা মনে করেন। বাড়িতে তাঁরা একধরনের আচরণ করেন, আবার বাড়ির বাইরে তাঁদের সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা যায়। সারাক্ষণ উচ্ছল আর আনন্দে থাকাটা পছন্দ। নিজেদের প্রকাশ করার ইচ্ছা প্রবল তাঁদের। যে কারণে তাঁরা ফেসবুক, ব্লগ, মুঠোফোনে কথা বলে নিজেদের মতামত প্রকাশ করতে পছন্দ করেন। স্বাস্থ্য না ফিটনেসের দিকে তাঁদের নজর বেশি। কীভাবে নিজেকে সুন্দর রাখা যায়, সেই প্রচেষ্টা আছে। ফাস্টফুড খাবারের প্রতি ঝোঁক আছে, পাশাপাশি নিজের ফিটসেন নষ্ট হলে সেটা কম করতে আগ্রহী।
গণমাধ্যমের কাছ থেকে তাঁরা অনেক কিছু শিখতে চান, জানতে চান। অনেক ক্ষেত্রে বইয়ের চেয়ে তাঁরা গণমাধ্যমকে গুরুত্ব দেন। অনেক বেশি আশাবাদী এই তরুণেরা। সবাই দেশের পরিবর্তন চান। তাঁরা অন্যের ওপর নির্ভর করতে চান না, নিজেরাই নিজের উন্নয়ন বা পরিবর্তন ঘটাতে চান। তরুণেরা একটা নিজস্ব শক্তি নিয়ে এগিয়ে আসছেন। যার মাধ্যমে বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন আসবে বলে আমার ধারণা।

রুহিনা হালিম, ভাইস প্রেসিডেন্ট (রিসার্চ), কোয়ান্টাম কনজ্যুমার সলিউশন লিমিটেড