তরুণমনের রহস্য সমাধানে গবেষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ থেকে ১৯ বছর বয়সী তরুণ-তরুণীরা (টিনএজার) সাধারণত খুব আবেগপ্রবণ হয়ে থাকে। তাদের চিন্তাভাবনা থেকে শুরু করে মেজাজ-মর্জি যেন প্রতি মুহূর্তে পাল্টায়। চারপাশের জগৎটাকে তাদের কাছে রীতিমতো অসহ্য মনে হয়। কিন্তু কেন?এই প্রশ্নের উত্তর জানতে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এবার শুরু করেছেন ৫০ লাখ ব্রিটিশ পাউন্ডের একটি প্রকল্প। তাঁরা তরুণ-তরুণীদের হরেক রকম মানসিক জটিলতার কারণ অনুসন্ধান করবেন। পর্যবেক্ষণ করবেন একজন আবেগপ্রবণ মানুষ কী প্রক্রিয়ায় বয়সের সঙ্গে সঙ্গে মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে বিচক্ষণ মানুষে পরিণত হয়। গবেষকেরা এ প্রকল্পে ১৪ থেকে ২৪ বছর বয়সী ৩০০ জনের মস্তিষ্কের কার্যক্রম বিশ্লেষণ (স্ক্যান) করবেন। এতে তাদের মানসিক জটিলতার রহস্য উন্মোচনে সাফল্যের সম্ভাবনা দেখছেন অনেকেই। নির্দিষ্ট বয়সী তরুণদের মধ্যে সমাজবিরোধী মনোভাবের কারণ সম্পর্কেও হয়তো এ গবেষণায় জানা যাবে। সংশ্লিষ্ট গবেষক এড বুলমোর বলেন, চৌম্বক অনুরণন চিত্রের (এমআরআই) সাহায্যে স্ক্যান করে মস্তিষ্কের গঠনে যাবতীয় পরিবর্তন সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এ ক্ষেত্রে মস্তিষ্কের কেন্দ্রে অবস্থিত সাদা পদার্থের পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কারণ, মানসিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সাদা পদার্থও পরিবর্তিত হয়। এ ক্ষেত্রে একজন টিনএজারের মানসিক অবস্থার জন্য দায়ী হরমোনের ভূমিকা সম্পর্কেও জানা যাবে। একই গবেষণায় নিযুক্ত আরেক বিজ্ঞানী বেকি ইংকস্টার বলেন, টিনএজ হচ্ছে জীবনের সবচেয়ে বিশৃঙ্খল ও বিভ্রান্তিকর সময়। এ সময়ের মনোভাব পুরোপুরি প্রকাশ করাটা খুবই কঠিন। অবশ্য, এ নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে। মানসিক পরিবর্তন-প্রক্রিয়ার বিস্তারিত রহস্য উদ্ঘাটনের পর গবেষকেরা প্রাসঙ্গিক কিছু প্রশিক্ষণপদ্ধতি বা কম্পিউটারনির্ভর খেলা (গেম) তৈরির পরিকল্পনা করেছেন। এতে হয়তো তরুণ-তরুণীদের মানসিক অবস্থার জটিলতা সামলানো সহজ হবে। টেলিগ্রাফ।