
ছবি আঁকা তাঁর ধ্যানজ্ঞান৷ দীর্ঘদিন থেকেছেন স্পেন ও কানাডাতে৷ চারুকলার সাবেক শিক্ষক৷ বর্তমানে ফ্রিল্যান্সার চিত্রশিল্পী হিসেবেই কাজ করছেন৷ তিনি শিল্পী শিহদ কবীর৷ আজ দেখুন এই শিল্পীর স্টাইল৷
ছোটবেলা থেকেই শ্রমজীবী মানুষের সন্তানদের সঙ্গে মিশেছেন৷ ভারতীয় একটা ছবি দেখে গলায় লাল রুমাল প্যাঁচানো শুরু কিশোর বয়স থেকে, যেটা সে সময় ট্যাক্সিচালকেরা খুব পরতেন৷

শিহদ কবীর বলেন, ‘আমি নিজের কাজ নিজেই করতে পছন্দ করি৷ যে কারণে সকালে উঠে নিজের নাশতা তৈরি করি৷ সবচেয়ে সহজ নাশতা বানাই, এতে সময় বাঁচে৷ আর না খেয়ে কেউ মারা যায় না, বরং বেশি খেলেই মারা যাওয়ার আশঙ্কা থাকে৷ এরই ফাঁকে নিজের স্টুডিওতে এসে রাতে আঁকা ছবিটা দেখতে থাকি৷ এরপর আবার রং বের করি, ক্যানভাস তৈরি করি৷ একই সঙ্গে দুপুরের খাবার তৈরি করতে থাকি৷’

রাতে যেহেতু কম ঘুম হয়, তাই দুপুরে দুই ঘণ্টা ঘুমিয়ে নেন তিনি৷ এরপর উঠে আবার কিছুক্ষণ ছবি আঁকেন৷ মানুষ না দেখলে ভালো লাগে না বলেই আড্ডা দিতে পছন্দ করেন৷ বাসার কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বা ছবির হাটে এসে তরুণ ছেলেমেয়েদের সঙ্গে আড্ডা দেন৷ লম্বা কোট পরতে খুব পছন্দ করেন৷ থ্রি-কোয়ার্টার সেই কোটের কাট ও সেলাই থাকে একটু বৈচিত্র্যময়৷ এর সঙ্গে বেছে ভেতরে পরেন শার্ট, তার ওপরে কটি৷ ফ্রান্সের কাউবয়রা (রাখাল) এমন পোশাকের সঙ্গে গলায় মালার মতো বিশেষ একটা টাই পরেন৷ শিহদ কবীরও সেটা পছন্দ করেন৷ এ ছাড়া এমন কোটের সঙ্গে কখনো গলায় পেঁচিয়ে রাখেন লাল রুমাল৷ সব পোশাকের সঙ্গেই কালো জিনস পরতে ভালোবাসেন৷ গরমের সময়ে বেছে নেন পাঞ্জাবি৷ তবে বেশি কাজ করা পাঞ্জাবি পছন্দ না৷ এক কানে দুল পরেন৷ চোখের চশমা আর এই কানের দুল পোশাকের সঙ্গে মিলিয়েই বেছে নেন বাইরে যাওয়ার আগে৷ ঘরের মধ্যে যখন ছবি আঁকেন, তখন টি-শার্ট পরেন৷ দোতারা বাজানো শেখাটা উপভোগ করছেন কিছুদিন ধরে৷ ছবি আকার ফাঁকেই হয়তো বসে গেলেন চেয়ার টেনে দোতারা বাজাতে৷ হাতে ব্রেসলেট পরেন৷ তাই ব্রেসলেটই বেশি পান উপহার হিসেবে৷ গরমে সব পোশাকের সঙ্গেই জুতা পছন্দ করেন৷ তবে শীতে পরেন লম্বা বুট৷
শিহদ কবীর ভালোবাসেন বোহেমিয়ান ধরনের জীবনযাপন৷ তাঁর মতে, এতে করে সংসারের প্রতি দায়বদ্ধতা কমে যায়৷ নিজের কাজেই ডুবে থাকা যায়৷

আনুষ্ঠানিক পোশাকে অস্বস্তি, তাই সেসব পোশাক পরেন না৷ পেছন দিকে বেল্ট দেওয়া ইটালিয়ান কোট পরেন মাঝেমধ্যে৷ বয়স ৬০ পেরোলেও স্টাইলে তিনি এখন তরুণ৷ যে কারণে নাকি এখনো সাত-আট ঘণ্টা কাজ করার শক্তি পান তিনি৷ সংগ্রহ করতে পছন্দ করেন নানা ধরনের কানের দুলম হাতের ব্যান্ড, মালা ইত্যাদি৷ প্রতি সপ্তাহে দুদিন দাড়ি ও মাথার চুল কামিয়ে ফেলেন৷ এটাও তাঁর একটা অভ্যাস৷