‘হুড়োহুড়ি না করে সতর্কতার সঙ্গে বের হোন’, ‘খোলা স্থানে অবস্থান করুন’, ‘গ্যাসের চুলা এবং ইলেকট্রিসিটির লাইন বন্ধ করে দিন’—ভূমিকম্প হলে বিশেষজ্ঞরা হরহামেশাই পত্রিকায় এ ধরনের সচেতনতা এবং সতর্কতামূলক লেখালেখি করেন। ইদানীং দেশে বিশেষজ্ঞের অভাব নেই। তাঁদের আমরা চিনি ফেসবুকার বা ফেসবুক সেলিব্রিটি নামে। একেকটি ভূমিকম্পের পর কারও কারও স্ট্যাটাস পড়ে তাঁদের মানসিক সুস্থতা নিয়ে রীতিমতো সন্দেহ উদয় হয়! কেমন হতো তাঁরা যদি ভূমিকম্প-বিষয়ক টিপস লিখতেন? দেখা যাক সামান্য কিছু নমুনা।
* ভূমিকম্প শুরু হওয়ামাত্র ল্যাপটপ, ট্যাব বা মোবাইল ফোন; যা-ই থাক হাতের কাছে, তা দিয়েই ফেসবুকে লগইন করুন। ‘ভূমিকম্প হচ্ছে’, ‘ইয়াহু ভূমিকম্প’ কিংবা ‘আমি সবার আগে ভূমিকম্প টের পাইছি’ লিখে স্ট্যাটাস দিন। আপনার একটা স্ট্যাটাস দেখেই অনেকে নিশ্চিত হবেন যে আসলেই ভূমিকম্প হচ্ছে। আপনার একটি মূল্যবান স্ট্যাটাস বাঁচিয়ে দেবে অসংখ্য জীবন।
* স্ট্যাটাস আপডেট করতে গিয়ে যদি আপনার নিজের বাড়ির ছাদই আপনার মাথার ওপর ধসে পড়ে, তাহলে দুঃখের কিছু নেই। নিজের জীবন দিয়ে স্ট্যাটাস লেখার জন্য আপনাকে বীরের মর্যাদায় ভূষিত করা হবে। আপনার শেষ স্ট্যাটাসটি অনেকের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
* স্ট্যাটাস দেওয়া শেষ হয়ে গেলে বিল্ডিং থেকে নিচে নামুন। আপনার শহরে যদি কোনো খোলা জায়গা পান, তাহলে কপাল ভালো। খোলা জায়গায় গিয়ে দাঁড়ান। এবার আশপাশে একটু আড়চোখে তাকান। আপনার নিজের অ্যাপার্টমেন্ট এবং আশপাশের বিল্ডিংয়ের কে কী অবস্থায়, কেমন পোশাকে বাইরে বেরিয়েছে, সেগুলো তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল করুন। এযাত্রা বেঁচে গেলে দ্রুত বাসায় ফিরে কম্পিউটার খুলুন। আশপাশের লোকজনের, বিশেষ করে ‘আপুনি’দের মেকআপ-গেটআপ নিয়ে সত্য-মিথ্যার মিশেলে একটি স্ট্যাটাস প্রসব করুন। এসব লিখলে লাইক-টাইক ভালোই পাওয়া যায়।
* এত ঘন ঘন ভূমিকম্পের জন্য মেয়েদের জিনস পরা দায়ী নাকি ছেলেদের মালকোঁচা মারা দায়ী, তা নিয়ে রেফারেন্সসহ একটি জ্ঞানগর্ভ আর্টিকেল লিখে ফেলুন। তবে সাবধান! লেখার আগে দেখে নিন আপনার ওই নেট থেকে মারা রেফারেন্স যেন বিদেশি কোনো স্যাটায়ার ম্যাগাজিনের আর্টিকেল না হয়।
* গণমাধ্যমের কল্যাণে মানুষ জেনে গেছে, ভূমিকম্পে কোনো প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতি হয়নি। তারপরও ফেসবুকের ‘আই অ্যাম সেফ’ অপশন ব্যবহার করে সবাইকে জানিয়ে দিন, ভূমিকম্প আপনার কেশাগ্রও স্পর্শ করতে পারেনি। নোটিফিকেশনের বন্যায় ভাসিয়ে দিন সবাইকে।