সামনে বিশ্ব ভালোবাসা দিবস! অথচ প্রেমের সম্পর্ক ভেঙে গেল এক প্রেমিক-প্রেমিকা জুটির। কেন এই সম্পর্ক ভাঙল? তার উত্তর খুঁজতে জবানবন্দি দিচ্ছে ভেঙে যাওয়া চশমা, ফেটে যাওয়া মোবাইল ফোন ও স্ক্রিন ফাটা ল্যাপটপ।

ফেটে যাওয়া মোবাইল ফোন
আমি তাদের সম্পর্ক ভাঙার সঠিক কারণ বলতে পারছি না। সম্পর্ক ঠিক কখন ভাঙল, সেটাও বলতে পারছি না। তবে তাদের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ হয়েছিল। কদিন ধরেই তারা আমাকে কম ব্যবহার করছিল। আগে তো আমাকে সারা দিন কানের কাছে ধরে রাখত। শান্তিমতো খেতেই দিত না! মানে যখন চার্জ দিয়ে রাখত, ভাবতাম চার্জ খাব, তখনো টেপাটেপি করত। যা হোক, তখনই বুঝতে পারছিলাম, তাদের মধ্যে কোনো সমস্যা চলছে। তবে সঠিক কারণটা জানি না। আর আমার মাথায় যে ব্যান্ডেজ দেখছেন, এটাও তাদের কলহের সাক্ষী। হঠাৎ করে প্রেমিকের মাথা গরম হলো! আর আমাকে ছুড়ে মারল! আছাড় খেয়ে আমার ভেতরের সব নাট-বল্টু খুলে গেছে। আপনিই বলুন, আমার দোষটা কী?

ভেঙে যাওয়া চশমা
আমার কিছু বলার নেই। আমি সেই কালরাতের সাক্ষী। আমার এই ভেঙে যাওয়া গ্লাস, ভেঙে যাওয়া ডাঁটি—সবকিছুই সাক্ষী। তাদের মাঝে উত্তপ্ত বাদানুবাদ, তারপর আমাকে ছুড়ে মারা, তারপর এভাবেই আমার শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ আলাদা হয়ে গেল! পেছনের কারণ কিছুই জানি না। তবে এটা জানি, ওরা যখন মুখোমুখি বসত কথা বলতে, তখন দারুণ সময় কাটত। আমার মালিকের সাবেক প্রেমিকার চোখ দুটো ছিল ভারি সুন্দর। মালিকের পাশাপাশি আমিও তার চোখের দিকে অপলক তাকিয়ে থাকতাম! চোখ দুটির প্রেমেই পড়ে গিয়েছিলাম বলতে গেলে। তবে এই বিচ্ছিন্ন শরীর নিয়ে সেসব রোমান্টিক মুহূর্ত এখন আরও ব্যথাভারাতুর মনে হচ্ছে। বুঝি না, মানুষ যে কেন ভালোবাসে আর কেনই বা ঘৃণা করে!

স্ক্রিন ফাটা ল্যাপটপ
তাদের সম্পর্কটা যে ভেঙে যাবে, সেটা আমি কদিন ধরেই বুঝতে পারছিলাম। আগে আমার ওয়ালপেপার হিসেবে কেবল তার গার্লফ্রেন্ডেরই ছবি থাকত। কিন্তু ব্রেকআপের কিছুদিন আগে আগে ওয়ালপেপারে পরিবর্তন এল। তখনই সন্দেহ করেছিলাম, খারাপ কিছু একটা ঘটতে যাচ্ছে। তবে একদিক দিয়ে আমি বেশ শান্তি পেয়েছি। আগে আমাকে ভীষণ কষ্টের মধ্য দিয়ে যেতে হতো! স্কাইপ, ফেসবুকে চ্যাটের কারণে আমার কি-বোর্ডের প্রতিটা কি লুজ হয়ে যাওয়ার দশা। সেদিক থেকে এখন আরামে আছি। মোবাইল ফোনের মতো আমিও তাদের উত্তপ্ত কথোপকথনের সাক্ষী। কী আর বলব, সে এক ভয়ংকর অভিজ্ঞতা! আমার তো ভয়ে চার্জ শেষ হয়ে যাওয়ার অবস্থা! ভাগ্য ভালো, আমার ওজন আর দাম মোবাইল ফোনের চেয়ে বেশি! না হলে মনে হয় আমাকে আছাড়-টাছাড়ও খেতে হতো! তবে কপাল যে খুব ভালো ছিল, তা-ও তো বলা যায় না। আমার মালিক তাঁর মোবাইল ফোনটা ছুড়ে মেরেছিলেন ঠিক স্ক্রিনের মাঝ–বরাবর। আর তাতেই আমার কম্ম কাবার!