তাক লাগাতে একটি ধারণাই যথেষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৫
ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৫

ঘড়িতে সকাল ১০টা বেজে ১৫ মিনিট। চলছে শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম। তথ্যকেন্দ্রে এসে নিবন্ধন করছেন একেকটা দলের প্রতিনিধিরা। প্রতিযোগিতার শীর্ষে যাওয়ার জন্য সবাই ধারণা তৈরিতে ব্যস্ত সবাই। এমন দৃশ্য দেখা গেছে গতকাল সোমবার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) প্রাঙ্গণে। যে প্রতিযোগিতার জন্য শিক্ষার্থীরা নিবন্ধন করছিলেন সেটি ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৫। মোবাইল অ্যাপ্লিকেশনস (অ্যাপস) তৈরির এ প্রতিযোগিতার বিশ্ববিদ্যালয় কার্যক্রম চলছে এখন। তারই অংশ হিসেবে গতকালের আয়োজন ছিল এনএসইউতে।
কথা হলো এনএসইউয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ছাত্র ফাতিন হাসনাত চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা এবং শিক্ষকদের সহযোগিতায় আশা করছি, আমরা প্রতিযোগিতার সেরা দশে থাকব।’
সারা দিনের নানা আয়োজনের শেষভাগে বিকেলে ছিল সেমিনার। সেমিনারে এনএসইউয়ের উপাচার্য আমিন ইউ সরকার বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হবে। প্রতিযোগিতার আয়োজক অ্যাডভান্সড এথিকস টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান সেমিনারে বলেন, ‘মোবাইল অ্যাপসের একটি ধারণা বা আইডিয়াই গোটা দুনিয়াকে তাক লাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কেউ যদি অ্যাপ তৈরি করতে না-ও পারে শুধু ভালো ধারণাও জমা দেয় তাকেও আমরা পুরস্কৃত করব।’ ইএটিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন আহম্মেদ প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি তিনি মোবাইল অ্যাপসের বিশ্ববাজার সম্পর্কেও ধারণা দেন। গত বছরের প্রতিযোগিতার বিজয়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুজ্জামান তাঁর অভিজ্ঞতার কথা জানান সেমিনারে।

প্রতিযোগিতার এক্সক্লুসিভ টেলিকম পার্টনার গ্রামীণফোনের পরিচালক (স্টেকহোল্ডার রিলেশনস ও করপোরেট অ্যাফেয়ার্স) ইশতিয়াক আহমেদ চৌধুরী, এনএসইউয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের ডিন মিফতাহুর রহমান, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক রাজেশ পাতিল প্রমুখ সেমিনারে আলোচনা করেন।
এবারের প্রতিযোগিতা শুরু হয়েছে চলতি মাসে। সাত মাস ধরে চলবে এটি। অ্যাপের ধারণাপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩১ অক্টোবর। বিস্তারিত: www.eatlapps.com ।