তাজিকিস্তানে ফেসবুক বন্ধ
এ বছর দ্বিতীয়বারের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের ব্যবহার বন্ধ করে দিয়েছে তাজিকিস্তানের সরকার। দেশটির সরকার প্রধান ইমোমলি রখমনের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর মন্তব্য ছড়ানোর অভিযোগে ফেসবুক বন্ধ করে দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।তাজিকিস্তানের যোগাযোগ বিভাগের প্রধান বেগ জুখারভ ফেসবুক বন্ধের কারণ হিসেবে জানিয়েছেন, অজ্ঞাত কেউ অর্থের বিনিময়ে দেশের সরকারপ্রধানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ছড়াতে উত্সাহ দিচ্ছে। আপত্তিকর মন্তব্য করার জন্য অনেকে পাঁচ থেকে ১০ হাজার ডলার অর্থ পেয়েছেন এমন অভিযোগও রয়েছে। দেশের সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ছড়ানো বন্ধ করতেই ফেসবুক ব্যবহার বন্ধ করা হচ্ছে।এর আগে চলতি বছরের মার্চ মাসে তাজিকিস্তান সরকার সে দেশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) ফেসবুক ও বেশ কয়েকটি সংবাদমাধ্যমের ওয়েবসাইট বন্ধ করতে নির্দেশ দিয়েছিল। উল্লেখ্য, আফগানিস্তানের সীমান্তবর্তী দেশ তাজিকিস্তান একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। দেশটির বর্তমান সরকার প্রধান এমোমলি রখমন। তিনি ১৯৯২ সাল থেকে দেশটির প্রধান হিসেবে ক্ষমতায় রয়েছেন।