তাদের কষ্টের সীমা নেই

সবে ১৩ বছরে পা দিল সালমা আক্তার। কিন্তু চোখে-মুখে কৈশোরের চঞ্চলতা নেই। বদলে রয়েছে একরাশ দুশ্চিন্তা আর আতঙ্ক। কারণ, এই
বয়সেই সে মা হতে চলেছে। গত জানুয়ারিতে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল সে। সে মাসেই তার বিয়ে হয়ে গেল ত্রিশোর্ধ্ব বয়সী একজনের সঙ্গে। কিন্তু বিয়েটা ওর কাছে অস্বাভাবিক মনে হয়নি। ‘গরিবের মাইয়্যার তো তাড়াতাড়িই বিয়া হয়।’ সহজ মন্তব্য সালমার। তা ছাড়া সালমার ছোট আরও পাঁচটা ভাইবোন রয়েছে। তাদের চিন্তাও তো বাবাকে করতে হবে। তাই পড়ালেখা বা নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছাটা কখনোই ওর মনে দানা বাঁধেনি। বাংলাদেশে এখনো কন্যাশিশুদের বিয়ে হচ্ছে। আর বিয়ের পর শারীরিক, মানসিক, সামাজিকসহ নানা ধরনের সংকটের মুখোমুখি হতে হচ্ছে তাদের। এ রকমই কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম তাদের সমস্যাগুলো জানতে। তারাও জানিয়েছে তাদের বেদনার কথা।
কথা হচ্ছিল সালমা আক্তারের সঙ্গে। সে কামরাঙ্গীরচরের রসুলপুরের বাসিন্দা। বিয়ে-পরবর্তী জীবনে কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, নিজেই জানায় সে কথা। ‘স্বামী তো আমার থাইক্যা অনেক বড়। যা বলে, তা-ই শুনতে হয়। কয়, তার বয়স হইছে, তাড়াতাড়ি বাচ্চা না নিলে মানুষ করতে পারব না।’ এতটুকু বলে কিছুক্ষণ চুপ করে থাকে সালমা। তারপর আবার বলে, ‘বিয়ার তিন মাস পরে বুঝতে পারছি যে আমি মা হমু। তহন খুব ভয় পাইছিলাম। শুনছি বাচ্চা হওনের সময় অনেকে মারা যায়। এই কথা যখন শাশুড়িরে কইছি, সে ধমক দিছে। কইছে, তাগো আরও কম বয়সে বিয়া হইছে। কিচ্ছু হইব না।’
জিজ্ঞেস করলাম, এখন তোমার শরীর সুস্থ?
‘না, কিছু খাইতে পারি না। শরীরে কোনো জোর পাই না। কাম করতেও মন চায় না। কিন্তু কোনো উপায় নাই। শাশুড়ি জোর কইর্যা কাম করায়। কয়, আমরাও মা হওনের সময় অনেক কাম করছি। সংসারের দেখাশোনা করছি। তয় তুমি পারবা না ক্যান?’
তারপর গলার স্বর খানিকটা নামিয়ে বলে, ‘আমার স্বামী আমারে ডাক্তারের কাছে নিয়া গেছিল। ডাক্তার কইছে, ভালা ভালা খাওন খাইতে। কিন্তু ভালা খাওন তো দূরের কথা, আলুভর্তা আর ডাইলও মাঝেমইদ্যে জোটে না। তারা কইয়্যা দিছে, ঢাকা শহরে বাচ্চা হওনের খরচ বেশি। কিছুদিন পরে আমার স্বামী আমারে বাপের বাড়িতে দিয়া আসব। বাচ্চাও সেখানেই হইব। জানি না, কী আছে কপালে।’
কামরাঙ্গীরচরের হাসাননগরের মালেক কলোনিতে থাকে পারুল আক্তার। বয়স ১৬ বছর। ওর দুই মেয়ে। একজনের বয়স তিন বছর, আরেকজনের এক বছর। সে বলে, ‘বাচ্চা হওনের পর থাইক্যাই শরীল ভালা থাকে না। কোনো কাম করতে পারি না। আবার মাইয়্যাগোও জ্বরজারি লাইগ্যাই থাকে। আমি বাসাবাড়িতে কাম করি। কিন্তু কাম করতে জোর পাই না।’
নিজের পছন্দে এক বছর আগে বিয়ে করেছে মধুবাগ বস্তির সুলতানা বেগম। বিয়ের সময় তার বয়স ছিল ১৫ বছর। সুলতানা বলে, ‘বাবা-মায় খালি শাসন করত। ভাবছিলাম বিয়া করলে স্বাধীন হমু, বাবা-মায় আর শাসন করতে পারব না। কিন্তু এখন দেখি উল্টা। সব সময় স্বামী আর শাশুড়ির কথা শুনন লাগে। আমি ভালা ছাত্রী আছিলাম। এখন আফসোস হয় পড়ালেখা করলে তো নিজের পায়ে দাঁড়াইবার পারতাম।’
দীপ্তি রানীর বয়স ১৭। বাড়ি কুমিল্লা জেলার চান্দিনায়। গ্রামের নাম কাশিমপুর। বিয়ে হয়েছে চার বছর আগে। স্বামী কাঠমিস্ত্রি। এখন ওর দুই সন্তান। এই বয়সে দুই সন্তানকে সামলাতে কষ্ট হয় ওর। জানায় সে নিজেই, ‘দুইট্যা বাচ্চা। ঠিকমতো দুধ খাইতে পারে না। খালি কান্দে। কৌটার দুধ কিন্না খাওয়াই। যখন বিয়া হইছে, তহন আরও কষ্ট হইছে। প্যাটে বাচ্চা আছিল, তবু খেতে গিয়া টমেটো তুলছি, ধানের হালি লাগাইছি। কাম না করলে শ্বশুর-শাশুড়ি নানা কথা শুনাইত। কইত অল্প বয়সী মাইয়্যারা বেয়াদব হয়। আবার স্বামীও তার মা-বাপের কথা শুইন্যা আমারে মারত। চুপ কইর্যা সব সহ্য করছি।’
ইতির শ্বশুরবাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। ওর সমস্যা একটু অন্য রকম। বিয়ে হয়েছিল ১৪ বছর বয়সে। বছর যেতে না যেতেই একটা মেয়ে হয়েছে। তার পর থেকেই ও রক্তশূন্যতায় ভুগছে। ডাক্তার নিয়মিত ওষুধ খেতে বললেও সেটা সে কখনোই করতে পারে না। ‘কেমনে খামু। বাড়িতে শ্বশুর-শাশুড়ি আছে। তারা কয়, এত খরচের কোনো দরকার নাই। স্বামীও আর কিছু কয় না। আবার বিয়ার সময় তিন ভরি স্বর্ণ দেওনের কথা আছিল। কিন্তু সেগুলা বাবায় এহনও দেয় নাই। এর লাইগ্যা আমায় খোঁটা দেয় শাশুড়ি। কয়, ডাক্তার দেখানের দরকার নাই। আগে বাপের থেইক্যা টেয়া আনো।’