তাম্র যুগের গুহাবাসীদের ‘ফেসবুক’!
বর্তমানে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় নেটওয়ার্কে পরিণত হয়েছে ‘ফেসবুক’। কিন্তু আধুনিক সভ্যতার পাশাপাশি সামাজিক যোগাযোগের ক্ষেত্র প্রাচীন সভ্যতায়ও বিস্তার লাভ করেছিল। বর্তমান সময়ের ফেসবুকের মতোই একধরনের উন্নত সামাজিক যোগাযোগের ব্যবস্থা গড়ে উঠেছিল ব্রোঞ্জ বা তাম্র যুগেও।গবেষকেরা বলছেন, তাম্র যুগের আদিম গুহাবাসী মানুষেরাও ফেসবুকের যোগাযোগ পদ্ধতির মূল নিয়মের মতোই পাথরে পাথরে ছবি ও চিহ্ন এঁকে এক ধরনের সামাজিক যোগাযোগব্যবস্থা গড়ে তুলেছিল, যা তারা ব্যবহার করত পরস্পরের সঙ্গে ভাবের আদান-প্রদান, তথ্যবিনিময় ও যোগাযোগের জন্য। এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সুইডেন ও রাশিয়ায় গ্রানাইট পাথরে আঁকা তাম্র যুগের গুহাবাসী মানুষের আঁকা বিভিন্ন চিত্র বিশ্লেষণ করে জানিয়েছেন, সামাজিক যোগাযোগের ক্ষেত্রে এসব চিত্রগুলো ঠিক যেন ফেসবুকের আদিমতম সংস্করণ।কেমব্রিজের প্রত্নতত্ত্ববিদ মার্ক স্যাপওয়েল জানিয়েছেন. তাম্র যুগের কিছু উপজাতির মানুষেরা পাথরে ছবি এঁকে সামাজিক যোগাযোগ রক্ষা করত। টিকে থাকার জন্য বিভিন্ন নির্দেশনা ও শিকার করার বিভিন্ন নির্দেশও তারা পাথরে ছবি এঁকে রাখত, যাতে পরে কেউ সেখানে গেলে তা বুঝতে পারে। বর্তমানে মানুষ যেভাবে পরস্পরের মধ্যে সব সময় যোগাযোগ রাখতে চায় তেমনি তাম্র যুগেও লেখার উপযোগী কোনো ভাষা আবিষ্কার না হওয়ায় মানুষ ছবি এঁকেই পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করত। ফেসবুকের মন্তব্যের মতই একেকটা চিত্র সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহূত হতো। পাথরে আঁকা বিভিন্ন ধরনের ছবি বিভিন্ন সময়ের মানুষের আঁকা যা একটি চিত্রের সঙ্গে আরেকটি চিত্রের মাধ্যমে বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলা হয়েছে। অ্যানালাইটিক সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে আড়াই হাজার ছবি বিশ্লেষণ করে প্রাচীন মানুষদের যোগাযোগের মাধ্যম ব্যবহারের এই বিষয়টির খোঁজ পেয়েছেন গবেষক স্যাপওয়েল। তাঁর মতে, প্রাচীন চিত্র যখন উন্নত হতে শুরু করে তখন তাঁরা বর্তমান যুগের ফেসবুকের মত ‘মোবাইল’ সংস্করণের পর্যায়ে উন্নীত হয়। অর্থাত্, তাঁরা হাত দিয়ে ছবি আঁকার বদলে তামার ছুরি ও পাথরের বদলে বিভিন্ন পাত্র বেছে নিয়েছিল।