প্রযুক্তির উৎকর্ষে অনেক ধরনের চার্জারের খবর এরই মধ্যে আমরা জেনেছি। এবার বাজারে আসছে তারবিহীন চার্জার। তবে এই তারবিহীন চার্জার নতুন কোনো খবর নয়। সুখবর হচ্ছে, প্রযুক্তিটি আসছে স্যামসাং এবং কোয়ালকমের মতো বড় প্রতিষ্ঠানের হাত ধরে। সম্প্রতি স্যামসাং এ ধরনের শক্তিশালী চার্জার তৈরির ঘোষণা দিয়েছে। এতে ব্যবহার করা হবে ‘অ্যালায়েন্স ফর ওয়্যারলেস পাওয়ার’ (এডব্লিউপি) প্রযুক্তি। এ ধরনের চার্জার তৈরি হচ্ছে স্মার্টফোনের জন্য। তিন বছর আগে কোয়ালকম সর্বপ্রথম তারবিহীন শক্তির মধ্যে ওয়াইপাওয়ার ওয়্যারলেস চার্জিং সিস্টেমের ঘোষণা দেয়। তবে সম্প্রতি স্যামসাং এই প্রযুক্তির ব্যাপারে পুরোপুরি এগিয়ে আসে। স্যামসাং কর্তৃপক্ষ জানায়, তাদের নতুন গ্যালাক্সি এস ৩ মডেলের সহায়ক হিসেবেই এই তারবিহীন চার্জার বাজারে আসছে। চার্জারটি দেখতে অনেকটা প্যাডের মতো। এ পদ্ধতিতে একটি প্যাডের ওপর চার্জার রাখলে স্মার্টফোনটি নিজে থেকেই চার্জ গ্রহণ করবে। শুধু তাই নয়, প্যাডটি তারহীন ব্যবস্থায় চার্জশক্তি গ্রহণ করবে। এর ফলে স্মার্টফোনের লো ব্যাটারি চার্জ থেকে রেহাই পাওয়া যাবে। আর এক চার্জেই চলে যাবে কয়েক দিন। কিউআই প্রযুক্তি ‘ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়াম’ দ্বারা উন্নীত হয়ে অ্যালায়েন্স ফর ওয়্যারলেস পাওয়ারে (এডব্লিউপি) একটি নতুন পণ্য তৈরি করবে। আর এই নতুন পণ্যটি ননমেটালিক সারফেইসের মাধ্যমে শক্তি স্থানান্তর করবে। একক ইউনিটের মাধ্যমে এটি একটি টেবিল থেকে গাড়ির ড্যাশবোর্ডে অত্যন্ত কম শক্তিতে চার্জ করতে পারবে। কর্তৃপক্ষ আশা করছে, আগামী সেপ্টেম্বর মাসে চার্জারটি বাজারে আসবে। —সিনেট অবলম্বনে প্রদীপ সাহা