তারকাণুকাব্য

১.
মেসি
তর্কযুদ্ধে তোমার জন্য
অনেক দূরে গেছি।
২.
ফুটবলে আছে লাভ
ফুটবলে নেই মার,
আর আছে ব্রাজিলের
নেইমার নেইমার।
৩.
যাও না শুনে ক্রিস্টিয়ানো,
পারলে ঘরে কাপটা আনো!
মোকাদ্দেস আলী
পলাশবাড়ী, গাইবান্ধা
বুটবল বিশ্বকাপ
ফুট দিয়ে খেলে বলে
নাম তার ফুটবল,
মার কাছে শিখেছে তা
ছোট ছেলে আকমল।
ওয়ার্ল্ড কাপ দেখে তার
চোখে লাগে ধান্দা
সবারই ফুটে ফুটে
আছে বুট বান্ধা।
ফুট নয় বুট দিয়ে
খেলা হয় এই বল,
আকমল তাই এর
নাম দিল বুটবল।
মাহদী হাসান
শেরপুর সরকারি কলেজ, শেরপুর
ফুটবল
জন্ম থেকেই খাচ্ছি লাথি
যার পায়ে যাই সেই মারে
এই ব্যাপারে তফাত কোথায়
পিরলো-মেসি-নেইমারে?
আবার কখন থ্রোয়ের নামে
ছুড়ছে আমায় হাত দিয়ে
দিচ্ছে না কেউ পাখার বাতাস
কাঁসার থালায় ভাত দিয়ে!
কেউবা মারে মাথার ঢুঁসও
ওইটারে কয় হেড করা
বল বলে নই মানুষ আমি?
আঘাত করে ডেড করা!
কেমন করে কও তো আমি
ভুলছি এমন পে’নটারে?
আজ আমি যে সবখানে সব
আকর্ষণের সেন্টারে!
বাইশটা লোক ঘুরছে দেখো
আমার দখল জিততে রে
আমায় পেতেই হন্যে ওরা
এই কথা নয় মিথ্যে রে!
ব্রত রায়, ঢাকা
বিশ্ব কাঁপে
ঈদের খুশি অনেক বেশি
বিশ্বকাপও কম না যে,
উত্তেজনায় কাঁপছে ধরা
কাঁপছে ঢাকার রমনা যে।
খেলছে মাঠে ফুটবলার ও
দর্শকরাও নেই বসে,
উত্তেজনায় কাঁপছে সবই
বলটাতে কিক দাও কষে।
টান টান এক উত্তেজনায়
ঘুম যে গেল কই ভেগে,
হাততালিরই শব্দ শুনে
ছেলে-বুড়ো রয় জেগে।
লাফিয়ে ওঠে বুড়ো দাদু
মাথায় যার নাই রে কেশ,
বলটা জালে জড়িয়ে গেলেই
হইহল্লার নাই কো শেষ।
মো. এমরুল হোসাইন
মাসকান্দা, ময়মনসিংহ