
ইন্টারনেটে ছবি, ভিডিও ভাগাভাগি (শেয়ার) করার জনপ্রিয় অ্যাপ্লিকেশন (অ্যাপ) ইনস্টাগ্রাম এবার ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্ট মুছে দিচ্ছে। নিজেদের সেবার মান বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। অনেক অ্যাকাউন্ট মুছে ফেলার ফলে বিপুলসংখ্যক অনুসারী হারাচ্ছেন তারকা ব্যবহারকারীরা। ইতিমধ্যে ভুয়া

অ্যাকাউন্ট মুছে দেওয়ার ফলে শুরুতেই প্রায় ৩৫ লাখ অনুসারী হারিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী জাস্টিন বিবার। এ তালিকায় প্রায় ১৩ লাখ অনুসারী কমেছে কিম কারদাশিয়ানের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ইনস্টাগ্রাম অনুসারী দুই লাখ ১৩ হাজার কমে বর্তমানে ৩৫ লাখ হয়েছে। তারকা ছাড়া সবচেয়ে বেশি অ্যাকাউন্ট হারিয়েছে খোদ ইনস্টাগ্রামের নিজস্ব অ্যাকাউন্টটি। এ অ্যাকাউন্টে

বাদ পড়েছে প্রায় ১ কোটি ৯০ লাখ অনুসারী। বর্তমানে ইনস্টাগ্রামের অনুসারীর সংখ্যা প্রায় পাঁচ কোটি।যেসব অ্যাকাউন্ট মুছে ফেলা হচ্ছে তাদের নির্দিষ্ট কারণ দেখিয়ে বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।তাদের মতে, অনেক ব্যবহারকারীর যেমন একাধিক অ্যাকাউন্ট রয়েছে তেমনি অনেক ব্যবহারকারী অ্যাকাউন্ট খুলে রেখেছেন কিন্তু ব্যবহার করেন না। তাই সঠিক এবং সক্রিয় ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম ব্যবহারে আরও উৎসাহী করে তুলতেই এমন উদ্যোগ বলে জানা গেছে।প্রায় ৩০ কোটি সক্রিয় ব্যবহারকারী বর্তমানে ইনস্টাগ্রাম ব্যবহার করছেন। সম্প্রতি আরও একটি রেকর্ড করেছে ইন্সটাগ্রাম। এ প্রতিষ্ঠানটির বর্তমানে বাজারমূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৫০০ কোটি ডলার।—ম্যাক ওয়ার্ল্ড অবলম্বনে কাজী আলম