প্রতিদিন নানা প্রয়োজনে চারিত্রিক সনদ প্রয়োজন আমাদের। দুঃখজনক ব্যাপার হচ্ছে, যাঁরা এসব সনদ দেন, তাঁদের অনেকেই যাকে সনদ দিচ্ছেন, তার সম্পর্কে কিছুই জানেন না। কেমন হতো যদি কোনো ব্যক্তিকে সবচেয়ে কাছ থেকে দেখা বস্তুগুলোই চারিত্রিক সনদ দিত!
চারিত্রিক সনদ
এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে নাম: মোছা. বিলকিসবানু, পিতা/স্বামী: আমজাদমিয়া, মাতা: করিমনবানু, প্রায় তিন মাস ধরে আমাকে ব্যবহার করছেন। আমাকে দিয়ে তিনি নিয়মিত ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এবং সেলফি তোলেন। আমার জানামতে, বাথরুমে সেলফি তোলার মতো মারাত্মক কোনো রোগ তাঁর নেই। ফেসবুকে কিংবা ভাইবারে অপরিচিত কারও সঙ্গে চ্যাট করে সময় নষ্ট করেন না। ফোনে মিথ্যা কথা বলার অভ্যাসও তাঁর নেই।
আমি তাঁর জীবনের সাফল্য কামনা করছি।
স্মার্টফোন
১০ নভেম্বর ২০১৫
চারিত্রিক সনদ
এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে নাম: মো. বাতেনবক্কর, পিতা: আব্দুলখালেক, মাতা: মাজেদাখাতুন-এর সঙ্গে দীর্ঘ তিন বছর ধরে ছাত্রাবাসের একই কক্ষে আমার বসবাস। তিনি ছাত্র হিসেবে যথেষ্ট ভালো। গত তিন বছরে সিনেমা দেখে খুব একটা সময় নষ্ট করেননি। বন্ধুরাসহ গাদাগাদি করে ফুল ভলিউমে পিটবুল কিংবা জাস্টিন বিবারের গান শুনে পাশের রুমের কাউকে বিরক্ত করেননি। ভিডিও গেমস খেলে অযথাই র্যামের বারোটাও বাজাননি। আজেবাজে ভিডিও লিংকে ক্লিক করার প্রবণতাও কখনো লক্ষ করিনি।
আমি তাঁর ছাত্রজীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।
কম্পিউটার
২৮ ডিসেম্বর ২০১৫
চারিত্রিক সনদ
এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে,
নাম: মো. তানভির তানু,
পিতা: মোকারম চাকলাদার, গত ছয় মাস আগে ফটোগ্রাফির কথা বলে বাবার কাছে জোরজবরদস্তি করে আমাকে খরিদ করেন। আমার জানামতে, তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি। কারণে-অকারণে তরুণীদের সামনে আমাকে কাঁধে নিয়ে ভাব নেন না। অপ্রয়োজনীয় ছবি তুলে কাউকে বিরক্ত করেন না। তরুণীদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার আশায় তাদের ছবি তোলেন না এবং ‘আজকে ছবি দেব’ বলে
দু-তিন সপ্তাহ ঘোরান না।
আমি তাঁর আলোকচিত্র ক্যারিয়ারের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
ডিএসএলআর ক্যামেরা
৩০ জুলাই ২০১৬