তারাও শিকার হচ্ছে যৌন হয়রানির

১৩ বছরের কুলসুম আক্তার (ছদ্মনাম) রাজধানীর একটি উচ্চশিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারে গৃহকর্মীর কাজ করত। কাজের পাশাপাশি ওই পরিবারের ছোট সদস্যদের সঙ্গে খেলাধুলা করে ভালোই কাটছিল কুলসুমের জীবন। কিন্তু গৃহকর্ত্রী একসময় টের পান, কুলসুম তাঁর স্বামীর দ্বারা নিয়মিত যৌন নির্যাতনের শিকার হচ্ছে। বিষয়টি কুলসুমের কাছে তিনি জানতে চাইলে, বাক্প্রতিবন্ধী কুলসুম হাত ও চোখের ইশারায় সব ঘটনা খুলে বলে। গৃহকর্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা হলে তিনি বলেন, ‘ এ ঘটনা জানার পর আমি মেয়েটিকে তার বাড়িতে পাঠিয়ে দেই। আমাদের মতো পরিবারে যদি একটা শিশু নিরাপদ না হয়, তবে সারা দেশের অবস্থা সহজেই অনুমেয়। ছেলেমেয়ের মুখের দিকে তাকিয়ে আমি সংসার ছাড়তে পারিনি।’
খোঁজ নিয়ে দেখা গেছে, যৌন নির্যাতনের হার উদ্বেগজনক হারে দিন দিন বেড়ে চলছে, যার বেশির ভাগ শিকারই শিশুরা। এর মধ্যে প্রতিবন্ধী শিশুদের যৌন নিপীড়নের হার ভয়াবহ। বাংলাদেশে প্রতি দুজনে একজন প্রতিবন্ধী শিশু কোনো না কোনোভাবে যৌন নির্যাতনের শিকার হচ্ছে। এর মধ্যে বেশি নির্যাতনের শিকার হচ্ছে মানসিক প্রতিবন্ধী শিশুরা। ২০১০ সালে বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন এবং সেভ দ্য চিলড্রেন পরিচালিত ‘প্রতিবন্ধী শিশুদের যৌন নির্যাতনের ঝুঁকি’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়। দেশের ছয়টি বিভাগের ৭ থেকে ১৮ বছরের ২১৬ জন শিশুর ওপর এ জরিপ চালানো হয়। এতে আরও বলা হয়, নির্যাতক বেশির ভাগ ক্ষেত্রেই পরিবারের নিকটতম সদস্য।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রতিবন্ধী শিশুদের ৫১ দশমিক ৩৮ শতাংশ কোনো না কোনোভাবে যৌন নির্যাতনের শিকার হয়। প্রতিবন্ধিতার দিক থেকে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় মানসিক প্রতিবন্ধী শিশুরা। এই হার ৩২ দশমিক ৪৩ শতাংশ। এ ছাড়া শারীরিক প্রতিবন্ধী ৩১ দশমিক ৫৩, শ্রবণ ও বাক্প্রতিবন্ধী ১৯ দশমিক ৮১, দৃষ্টিপ্রতিবন্ধী ১৯ দশমিক ২১ শতাংশ যৌন নির্যাতনের শিকার হয়। জাতীয় প্রতিবন্ধী ফোরামের এক গবেষণায় দেখা গেছে, প্রতিবন্ধী শিশু ও নারী নির্যাতন এবং ধর্ষণের হার ১০ গুণ বেশি।
এ বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল বলেন, ‘আমার চিকিৎসক-জীবনের অভিজ্ঞতার আলোকে বলা যায়, প্রায় প্রতিটি প্রতিবন্ধী শিশুই নির্যাতনের শিকার হয় এবং নির্যাতনকারীদের বেশির ভাগই তাদের ঘনিষ্ঠজন। শারীরিক-মানসিক দুর্বলতা এবং তাদের পরিবারের আর্থিক অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে যৌন নির্যাতনের ঘটনা বেশি ঘটে। এসব শিশুর অনেকে স্বাভাবিক শারীরিক তৎপরতা ও যৌন নির্যাতনের পার্থক্যও বুঝতে পারে না। তা ছাড়া তাদের শরীরের বিভিন্ন অঙ্গ ও বুদ্ধি-বিবেচনা ঠিকমতো কাজ না করলেও সংবেদনশীল অঙ্গ ঠিকই কাজ করে। এসব সংবেদনশীল স্থানে স্পর্শ পেলে তারা উত্তেজিত হয়, এমনকি এর মধ্যে আনন্দ খুঁজে পায়। তখন এরা যৌন সম্পর্ক সম্বন্ধে ওয়াকিবহাল না থাকলেও আগ্রহী হয়ে ওঠে। এ ছাড়া এদের খুব সহজেই ফুসলিয়ে বাড়ির বাইরে নিয়ে যাওয়া যায়। এদের প্রতিবাদ বা প্রতিরোধের ক্ষমতাও স্বাভাবিক শিশুর তুলনায় কম।’
ভাসমান ও প্রতিবন্ধী পথশিশুরা যৌন নির্যাতনের দিক থেকে মারাত্মক ঝুঁকিতে আছে। রাজধানীর কয়েকটি এলাকার ভাসমান প্রতিবন্ধী শিশুদের অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবন্ধী প্রত্যেকটি শিশুই এক বা একাধিকবার যৌন নির্যাতনের শিকার হয়েছে বা হচ্ছে। এ রকম নির্যাতনের শিকার কোহিনূরের (ছদ্মনাম) বয়স ১৬। সোহরাওয়ার্দী উদ্যানে একটি ভাসমান পরিবারের সঙ্গে থাকে। বুদ্ধিপ্রতিবন্ধী কোহিনূরের কোলজুড়ে একটি ফুটফুটে পুত্রসন্তান। তবে কে ওই সন্তানের বাবা, এর উত্তর নেই কোহিনূর বা তার আশ্রয়দাতা পরিবারের কাছে। এ বিষয়ে জানতে চাইলে আশ্রয়দাতা নারী ক্ষোভের সঙ্গে বলেন, ‘দিন-রাইত পার্কে থাহি। এই সুযোগে ফুসলাইয়া বা কয়ডা ট্যাহা দিয়া কেউ ওর সর্বনাশ করে।’ তিনি আরও জানান, শিশু কীভাবে পালন করতে হয়, তা জানে না কোহিনূর। কাজেই তাঁকেই সবকিছু করতে হয়। খোঁজ নিয়ে আরও জানা যায়, পরিবারের সদস্য বা অপরিচিতজন ছাড়াও শিক্ষক দ্বারা যৌন নিপীড়নের ঘটনাও কম নয়। ভোলায় এক প্রতিবন্ধী বিদ্যালয়ে মেয়েশিশুদের যৌন নির্যাতন করেন বিদ্যালয়ের পরিচালক। এমন অভিযোগ এনেছেন ওই প্রতিষ্ঠানের একজন শিক্ষিকা। অভিযোগে তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের লালন-পালনের সুযোগ ও শারীরিক অসুস্থতার সুযোগ নিয়ে তারা নিপীড়ন চালায়। খবরটি ২০১১ সালের ২৮ জুন বাংলাদেশের একটি অনলাইন পত্রিকায় ছাপা হয়েছিল।
সমাজকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মো. হেলাল উদ্দিন বলেন, ‘প্রতিবন্ধী শিশুদের নির্যাতনের হার বাড়ার একটি অন্যতম কারণ অর্থনৈতিক দুর্বলতা। দরিদ্র পরিবারে প্রতিবন্ধী শিশুদের অবহেলা করা হয়। কারণ, তারা পরিবারে অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখতে পারে না। বেশির ভাগ ক্ষেত্রেই অভিভাবকেরা এ ব্যাপারে শিশুদের অভিযোগ পাত্তা দেন না। শিশুদের কথা গুরুত্ব দিয়ে শোনেনও না। আবার অনেক সময় শিশুটিও পরিবারকে তার নির্যাতনের কথা জানাতে পারে না বা বোঝাতে সক্ষম হয় না। উন্নত রাষ্ট্রে প্রতিবন্ধী শিশুদের জন্য যেসব সুবিধা আছে, সেটি আমাদের দেশে নেই। তবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী পরিবারে শিশু নির্যাতনের ঘটনা কম ঘটে। বাজেটে প্রতিবন্ধী শিশুদের জন্য বরাদ্দ বাড়ানো হলে নির্যাতন কমে আসতে পারে।’