
সম্প্রতি একটি সংকট আমাকে দারুণভাবে ভাবিয়ে তুলেছে। সেটি হচ্ছে, তরুণদের বিকাশের সংকট। শিশু থেকে তরুণ—বেড়ে ওঠার এই প্রক্রিয়াটি এখন খানিকটা জটিল হয়ে পড়েছে। ফলে দেখা যায়, তারুণেরা ঝুঁকে পড়েছেন সহজের দিকে। তাঁরা আত্মকেন্দ্রিক হয়ে পড়ছেন। এর পেছনে অনেক কারণ। যেমন শিক্ষাব্যবস্থার কথা বলা যেতে পারে। পেশাভিত্তিক শিক্ষার প্রতি নজর দেওয়া হচ্ছে বেশি। অন্যদিকে, সাহিত্য জ্ঞান থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন তরুণেরা। তারপর যোগাযোগপ্রযুক্তি এতই হাতের নাগালে! খুব সহজেই তাঁরা অধরাকে ধরে ফেলছেন। দেখে ফেলছেন অদেখাকে। ফলে লোপ পাচ্ছে সাধনামূল্য। পারস্পরিক সম্পর্কগুলো বিবেচিত হচ্ছে অর্থমূল্যে। মানবিক সম্পর্কের মতো অমূল্য সম্পদটির গুরুত্ব কমে যাচ্ছে। মহৎ কর্ম ও শিল্পকলার প্রতি কমে যাচ্ছে তাঁদের আগ্রহ। তরুণদের নিয়ে অনেক স্বপ্ন দেখা সম্ভব। সম্প্রতি বেঙ্গলের আয়োজনে ঢাকায় উচ্চাঙ্গ সংগীত অনুষ্ঠানে তরুণদের সরব উপস্থিতি তো তা-ই প্রমাণ করে। তারপর গণজাগরণ মঞ্চের কথা তো আছেই। আমি আশা করি, এই সংকটগুলো একদিন কেটে যাবে। আমাদের তরুণেরা হয়ে উঠবেন জাতির ভবিষ্যৎ পথচলার দিশারি।
মামুনুর রশীদ, নাট্যব্যক্তিত্ব