তারুণ্য ধরে রাখতে...

তারুণ্য ধরে রাখতে মানুষের চেষ্টার বিরাম নেই। সম্প্রতি তারুণ্য ধরে রাখার একটি পদ্ধতি নিয়ে মানুষের ওপর পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। এর নাম প্যারাবায়োসিস। যদিও ১৯৫০ সালের দিকে প্যারাবায়োসিস নিয়ে গবেষণা শুরু হয়েছিল, সম্প্রতি বিষয়টি আবার মানুষের মধ্যে জনপ্রিয় হতে শুরু করেছে।
এ বিষয়টিকে যিনি সামনে নিয়ে এসেছেন, তাঁর নাম পিটার থায়েল। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির প্রযুক্তি উদ্যোক্তা ও বিনিয়োগকারী হিসেবে খ্যাত পিটার থায়েল। তিনি একটি সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে প্যারাবায়োসিস পদ্ধতি গ্রহণের কথা বলেন।
প্যারাবায়োসিস কী?
গবেষকেরা বলছেন, তরুণ দাতার কাছ থেকে বয়স্ক গ্রহীতাকে রক্তরস দেওয়ার পদ্ধতি হচ্ছে প্যারাবায়োসিস। মানুষ ও পশুর ‘অর্গান সিস্টেমে’ এই পদ্ধতি প্রয়োগে বুড়িয়ে যাওয়ার হার কমতে দেখা যায়। তরুণদের রক্তে প্রোটিনের পরিমাণ বেশি থাকে, যা গ্রহীতার শরীরে প্রোটিনের উৎপাদন বৃদ্ধি করে।
‘ভ্যানিটি ফেয়ার’ সাময়িকীর এক প্রতিবেদনে জানানো হয়, বয়স বাড়ার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করার বিষয়ে কাজ করছেন তিনি। থায়েল বলেন, তিনি ১২০ বছর বাঁচার পরিকল্পনা করছেন। এ জন্য তিনি প্রতিদিন মানুষ বেড়ে ওঠার বিশেষ হরমোন নেন। এ ছাড়া তিনি এর আগে প্যারাবায়োসিস পদ্ধতি গ্রহণের কথা বলেছিলেন।
গবেষকেদের ভাষ্য, যাঁরা অবশ্যম্ভাবী মৃত্যুকে ধোঁকা দেওয়ার আশা করেন, তাঁদের জন্য স্বাস্থ্যবান তরুণের রক্ত ‘তারুণ্যের জৈবিক ঝরনা’ হিসেবে কাজ করবে। প্যারাবায়োসিস নিয়ে প্রাথমিক গবেষণাগুলোয় বিষয়টির সত্যতা দেখা গেছে। ইঁদুরের ওপর গবেষণায় ইতিবাচক ফল পাওয়া গেছে। এর কারণ হচ্ছে, তারুণ্যের উপাদানসমৃদ্ধ রক্তরসে থাকে প্রোটিন, যা কোষের কার্যপদ্ধতি উন্নত করে।
অ্যামব্রোসিয়া নামের যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি আট হাজার মার্কিন ডলারের বিনিময়ে এ ধরনের থেরাপি দিতে কাজ করছে। ‘ইয়াং ডোনার প্লাজমা ট্রান্সফিউশন অ্যান্ড এজ-রিলেটেড বায়োমেকার্স’ শীর্ষক এক গবেষণা করছে প্রতিষ্ঠানটি। ৩৫ বছরের বেশি বয়সী মানুষ ২৫ বছর বা এর চেয়ে কম বয়সী স্বাস্থ্যবান মানুষের রক্ত নিতে পারেন।
আরও পড়ুন: