তারুণ্যের এগিয়ে যাওয়ার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইন্টারনেট জ্ঞান ও প্রযুক্তিকে একত্র করেছে। দেশকে আধুনিক তথ্য ও প্রযুক্তির মহাসড়কে তোলার সহজ পথ হলো ইন্টারনেট।’ গতকাল বৃহস্পতিবার দিনাজপুরে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে এসব কথা বলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কম্পিউটার অনুষদের ডিন মো. রুহুল আমিন।গতকাল দিনাজপুর ছাড়া ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, পাবনার বেড়া ও যশোরের অভয়নগরে ইন্টারনেট উৎসব হয়েছে। এসব অনুষ্ঠানে বক্তারা বলেছেন, তথ্যপ্রযুক্তির এ সময়ে ইন্টারনেট ছাড়া কোনো দেশ বা জাতি এগিয়ে যেতে পারে না। এ উৎসব তারুণ্যের এগিয়ে যাওয়ার উৎসব।ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:দিনাজপুর: সকালে দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের সূচনা করেন দিনাজপুর সদর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম ও জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. শাহীন আখতার।সাংসদ ইকবালুর রহিম তাঁর বক্তব্যে বলেন, ‘ইন্টারনেট আধুনিক জ্ঞান ও বিজ্ঞানের দরজা খুলে দিয়েছে। ইন্টারনেটের সর্বোত্তম ব্যবহার বিশ্বকে গ্লোবাল ভিলেজে পরিণত করেছে। আর এর ব্যবহার সহজ ও জনপ্রিয় করে তুলতে প্রথম আলো এবং গ্রামীণফোনের উদ্যোগে আয়োজিত ইন্টারনেট উৎসব নতুন প্রজন্মকে উজ্জীবিত করেছে।’গ্রামীণফোনের দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক ব্যবস্থাপক আসাদুল্লাহ হাবীব খান পাঠান আশা প্রকাশ করে বলেন, ইন্টারনেট ব্যবহারের মাধ্যমেই যেন প্রতিটি পরিবারের সকাল শুরু হয়।প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি আসাদুল্লাহ সরকার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।দিনাজপুর সরকারি কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম চৌধুরী দিনাজপুরের আই-জিনিয়াস নির্বাচিত হয়।ফরিদপুর: ফরিদপুরের জিলা স্কুলে আয়োজিত ইন্টারনেট উৎসবে শহরের ১১টি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্গা রানী সিকদার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের সূচনা করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তির এ সময়ে ইন্টারনেট ছাড়া কোনো দেশ বা জাতি এগিয়ে যেতে পারে না। এ ধরনের উৎসব আমাদের ইন্টারনেট সম্পর্কে আগ্রহী করে তুলতে বিশেষ ভূমিকা রাখবে।’প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান বলেন, ‘আজ যারা ইন্টারনেটে পারদর্শী হবে, ভবিষ্যতে তারাই বাংলাদেশ গড়ে তুলবে।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গ্রামীণফোনের ফরিদপুরের আঞ্চলিক ব্যবস্থাপক এস কে মোনায়েম সিদ্দিক।ফরিদপুরে আই-জিনিয়াস নির্বাচিত হন সরকারি রাজেন্দ্র কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আল-আমীন নিয়াজ আহমেদ।কসবা: কসবা টি আলী ডিগ্রি কলেজ মাঠে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসব শুরু হয়। উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. তাফাজ্জল হোসেন।অনুষ্ঠানে বক্তব্য দেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ কবীর, গ্রামীণফোনের কুমিল্লা অঞ্চলের ব্যবস্থাপক মঞ্জুরুল করিম খান ও প্রথম আলোর কসবা প্রতিনিধি মো. সোহরাব হোসেন।কসবা টি আলী ডিগ্রি কলেজকে ভেন্যু নির্বাচিত করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান কলেজের অধ্যক্ষ মো. তাফাজ্জল হোসেন।গ্রামীণফোনের কুমিল্লা অঞ্চলের ব্যবস্থাপক মঞ্জুরুল করিম খান বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইন্টারনেট শিক্ষায় আলোকিত করে তোলা আমাদের দায়বদ্ধতার মধ্যেই পড়ে।’উৎসবে কসবার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয়।কসবায় আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে কসবা টি আলী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র তানভীর ইবনে আলম।বেড়া: সকালে বেড়া মনজুর কাদের মহিলা ডিগ্রি কলেজ মাঠে কলেজের ছাত্রীদের জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম।পরে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের সঞ্চালক ও মনজুর কাদের মহিলা কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বক্তব্য দেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ ইসলাম, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, গ্রামীণফোনের রাজশাহীর আঞ্চলিক ব্যবস্থাপক বাকী বিল্লাহ ও বেড়া বন্ধুসভার রমজান আলী।ইউএনও মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, ‘শুধু শিক্ষার্থীরা নয়, ব্যবসায়ী, ঠিকাদার, চাকরিজীবী সবাই এখন বুঝতে শুরু করেছেন যে ইন্টারনেট ছাড়া বর্তমান যুগ অনেকটাই অচল।’অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, ‘এই উৎসব দেখে মনে হচ্ছে, সেদিন আর বেশি দূরে নয়, যেদিন উন্নত দেশগুলোর মতো আমাদের দেশের শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের জন্য বসে না থেকে ইন্টারনেট থেকে সব বই ও প্রশ্নের উত্তর খুঁজে নেবে।’বেড়া পৌর এলাকার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী ও অভিভাবক উৎসবে অংশ নেন।বেড়া আলহেরা একাডেমী স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র শিহাব মৃধা আই-জিনিয়াস নির্বাচিত হয়।অভয়নগর: জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সকালে নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসব শুরু হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব হোসেন উৎসবের উদ্বোধন করেন। তিনি বলেন, ‘সব প্রতিবন্ধকতা ডিঙিয়ে ইন্টারনেটের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।’উদ্বোধনী অনুষ্ঠানে সমাজসেবক এনামুল হক, গ্রামীণফোনের যশোরের আঞ্চলিক ব্যবস্থাপক মো. রিয়াজ আল ফারুক ভূঁইয়া, মুক্তিযোদ্ধা স ম মোশাররফ হোসেন ও প্রথম আলোর অভয়নগর প্রতিনিধি মাসুদ আলম উপস্থিত ছিলেন।গ্রামীণফোনের মো. রিয়াজ আল ফারুক ভূঁইয়া বলেন, ‘ইন্টারনেট ছাড়া আমাদের বর্তমান জীবন অকল্পনীয়।’উৎসবে ১২টি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয় নওয়াপাড়া মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর শিক্ষার্থী পিয়াস কর্মকার।