
ঠিক সন্ধ্যা সাতটায় নিভে গেল ঝলমলে মঞ্চের আলো। কোলাহলমুখর মিলনায়তন হঠাৎ স্তব্ধ। বেজে উঠল লালনের সেই চেনা সুর ‘আমি যারে বাসি ভালো’। অন্ধকার মঞ্চে গোলাকার স্পটলাইটের আলো ফুঁড়ে যেন একে একে বেরিয়ে এলেন মডেলরা। দ্যুতি ছড়াল রং-বাহারি পোশাক। ৬ জুলাই চট্টগ্রাম নগরের কে স্কয়ার মিলনায়তনে বসেছিল নুরজাহান-আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতার ১৫তম আসর। এবার সব ছাপিয়ে জয়জয়কার তরুণ ডিজাইনারদের। ১২টি বিভাগে ২১ ডিজাইনারের মধ্যে নয়জনই এবার প্রথম অংশ নিয়েছেন এতে। বাকিদের অনেকেই সদ্য পড়াশোনা শেষ করেছেন, অল্প কিছুদিন হলো কাজ শুরু করেছেন। শুরুতেই ১৫ বছরের পথচলার কিছু কথা দর্শকদের সঙ্গে ভাগাভাগি করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। তিনি বলেন, ‘চট্টগ্রামের ফ্যাশন ডিজাইনারদের পথ মসৃণ করতে আমাদের আয়োজন। এই প্রতিযোগিতার মাধ্যমে উঠে এসেছে নামী অনেক ব্র্যান্ড।’

কথা শেষ হতেই সুরের মূর্ছনা। সবার অপেক্ষাও এই পর্বটির জন্য। অবশ্য এই অপেক্ষা ফ্যাশন কিউগুলোর জন্য। বরাবরের মতো এবারও আগে শাড়ি। এরপর ছেলেদের পাঞ্জাবি। তারপর সালোয়ার-কামিজের কিউ। চোখে ধাঁধা লাগিয়ে দেয় দেশি কাপড়ে নজরকাড়া নকশার বুনন। এরপর ফিউশন, ফতুয়া ও যুগল পোশাকে গানের তালে তালে ক্যাটওয়াক করেন মডেলরা। আকর্ষণ তখনো বাকি। অবশেষে হেলেদুলে মঞ্চে আসে ১০ খুদে মডেল। মিলনায়তনে তখন করতালি আর হর্ষধ্বনির জোয়ার।অনুষ্ঠানে ক্যাটওয়াকের ফাঁকে ফাঁকে চলে নাচ। নাচে মঞ্চ মাতায় ঢাকার নাচের দল ইগলস। এ ছাড়া মুঠোফোনের বিড়ম্বনা নিয়ে চট্টগ্রামে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন জয়ধ্বনির সদস্যদের মূকাভিনয়ও আনন্দ জোগায় দর্শকদের।এর মধ্যে পাঁচ বিচারক মোহছেনা কোরাইশী, এইচ এম ইলিয়াস, নুরে জান্নাত, লুৎফা সানজিদা ও সুলতানা নুরজাহানের চুলচেরা বিশ্লেষণে উঠে আসে এবারের বিজয়ীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি অভিনেত্রী অপি করিম তাঁদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি দেশি কাপড়ের পোশাক পরতে সবাইকে অনুপ্রাণিত করার জন্য ডিজাইনারদের ধন্যবাদ জানান। এ ছাড়া বক্তব্য দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান নুরজাহান গ্রুপের উপমহাব্যবস্থাপক (বিপণন) কাজী মোতাহের হোসেন। প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে ২১ ডিজাইনারের ৪৩টি পোশাক। সেরাদের সেরা হয় বুটিক হাউস ‘নক্ষত্র’। তারা জিতে নেয় নয়টি পুরস্কার। এবার প্রচার সহযোগী ছিল চ্যানেল আই। রূপসজ্জায় ছিল পারসোনা ও সহযোগিতায় বন্ধুসভা।
