তাসলিমার পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাসলিমা আক্তার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
তাসলিমা আক্তার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

চুপচাপ-শান্ত স্বভাবের মেয়ে। অথচ বিতর্কমঞ্চে তিনিই কিনা হয়ে ওঠেন দারুণ চটপটে আর সুবক্তা! কথা ও যুক্তির তোড়ে প্রতিপক্ষ সহসাই ঘায়েল হন তাঁর কাছে। বিতার্কিক সেই মেয়েটি হচ্ছেন তাসলিমা আক্তার। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের শেষ বর্ষে পড়াশোনা করছেন।
ছোটবেলা থেকেই টেলিভিশনে বিতর্ক দেখতেন। এতে তাঁর মধ্যে বিতার্কিক হওয়ার স্বপ্ন তৈরি হয়। উচ্চমাধ্যমিকে জিপিএ-৫ পেয়ে ২০১০ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে তাঁর স্বপ্নের বাস্তবায়ন শুরু হয়। যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের বিতর্ক-দল শাহজালাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিতে (এসইউডিএস)। এরপর কেবলই সামনের দিকে পথচলা।
২০১২ সালে এসইউডিএস আয়োজিত সিলেট বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভাগীয় পর্যায়ে সেরা বিতার্কিক হিসেবে স্বীকৃতি পান। প্রতিযোগিতায় সিলেটের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের বিতর্ক দলগুলো অংশ নিয়েছিল। এ ছাড়া আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, দেশের বিভিন্ন স্থানের বিতর্ক প্রতিযোগিতা, আঞ্চলিক বিতর্ক ও প্রদর্শনী বিতর্ক প্রতিযোগিতাসহ নানা ইভেন্টে অংশ নিয়ে সম্মানসূচক পুরস্কারের স্বীকৃতি পেয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি প্রতিবছরই বিতর্ক ও সাংগঠনিক কাজের স্বীকৃতিস্বরূপ ‘এসইউডিএস পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা করে থাকে। ২০১২ সালে এ পুরস্কার অর্জন করেছে তাসলিমা। একই বছরের ২৬ ডিসেম্বর তিনি ওই সংগঠনের সভাপতির দায়িত্ব গ্রহণ করে অদ্যাবধি তা পালন করছেন। সংগঠনটির মুখপত্র ও বিতর্কবিষয়ক সাময়িকী অরিত্র সম্পাদনা পরিষদের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিতর্ক চর্চার পাশাপাশি ভালো ছাত্রী হিসেবেও তাঁর সুনাম রয়েছে। এ পর্যন্ত প্রকাশিত ফলাফলে তাসলিমার সিজিপিএ ৩ দশমিক ৬৫।
তাসলিমা আক্তার জানিয়েছেন, একজন সফল বিতার্কিক হতে চাইলে পাঠ্যসূচির বাইরে প্রচুর পড়াশোনা করতে হবে। কারও কথা শুনে বিশ্বাস না-করে তা যাচাই-বাছাই করে নিজের যুক্তি ও বুদ্ধি খাটিয়ে সমাধানের পথ বাতলাতে হবে। এ ছাড়া দেশ ও বিশ্বের সাম্প্রতিক ঘটনা সম্পর্কেও ভালো ধারণা থাকতে হবে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করেন তাসলিমা। স্কুল-কলেজে পড়াকালীন উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা ও আবৃত্তিতে হাতেখড়ি হয়।
তাসলিমা বলেন, ‘সিলেটের স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ককে জনপ্রিয় করতে আমরা সাংগঠনিকভাবে নানা উদ্যোগ নিয়েছি। বিতর্ককেন্দ্রিক কর্মশালা, প্রতিযোগিতার পাশাপাশি ক্যারিয়ার গঠনে সহায়ক নানা কর্মশালাও করছি। আগে সিলেটে বিতর্ক চর্চা খুব একটা ছিল না। এখন অনেকেই এতে মনোনিবেশ করছেন।’
তাসলিমা স্বপ্ন দেখেন ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে, আর গড়ে তুলতে চান দেশের উজ্জ্বল ভাবমূর্তি।