তিন গুগল অ্যাকাউন্টের তথ্য চেয়েছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগলের ট্রান্সপারেন্সি প্রতিবেদন
গুগলের ট্রান্সপারেন্সি প্রতিবেদন

চলতি বছরের প্রথম ছয় মাসে গুগলের কাছে দুটি অনুরোধের মাধ্যমে তিনটি অ্যাকাউন্টের তথ্য জানতে চেয়েছিল বাংলাদেশ সরকার। গুগল বলছে, সরকারের এই অনুরোধে তারা ৫০ শতাংশ সাড়া দিয়েছে। গতকাল বুধবার গুগল ‘ট্রান্সপারেন্সি রিপোর্ট অন গভর্নমেন্ট রিকোয়েস্টস ফর ইউজার ডেটা’ হালনাগাদ করেছে। গুগলের ওই প্রতিবেদনে বাংলাদেশ অংশে এ তথ্য দেখানো হচ্ছে।

এ বছরের প্রথম ছয় মাসের প্রতিবেদন অনুযায়ী, সরকার যে তথ্য চেয়েছে গুগল তাকে ‘ইমারজেন্সি ডিসক্লোজার রিকোয়েস্ট’ বলছে।

বুধবার গুগলের আইন প্রয়োগকারী ও তথ্য নিরাপত্তা পরিচালক রিচার্ড স্যালগাডোর লেখা ‘বিল্ডিং অন সার্ভিলেন্স রিফর্ম’ শীর্ষক ব্লগ পোস্টে বলা হয়েছে, আমরা আজ ট্রান্সপারেন্সি প্রতিবেদন হালনাগাদ করছি। ২০১৬ সালের প্রথমার্ধে আমরা ৭৬ হাজার ৭১৩টি অ্যাকাউন্ট সম্পর্কিত ৪৪ হাজার ৯৪৩টি সরকারি অনুরোধ পেয়েছি। এসব অনুরোধের ৬৪ শতাংশ রক্ষা করা হয়েছে। গত বছরের শেষ ছয় মাসেও সমপরিমাণ তথ্য দেওয়া হয়েছিল।

এ বছর তথ্য চেয়ে গুগলের কাছে সবচেয়ে বেশি অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ১৪ হাজার ১৬৯ অনুরোধের ৭৯ শতাংশ সাড়া দিয়েছে গুগল। অনুরোধের হিসেবে দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি (৮,৭৮৮)। এরপর রয়েছে ফ্রান্স (৪,৩০০), ভারত (৩,৪৪২) ও যুক্তরাজ্য (৩,৩০২)। এ বছর প্রথমবারের মতো তথ্য চেয়ে অনুরোধ করেছে আলজেরিয়া, বেলারুশ, কেম্যান দ্বীপ, এল সালভাদর, ফিজি ও সৌদি আরব।

গুগলের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের শেষ ছয় মাসে বাংলাদেশ থেকে গুগলের কাছে প্রথম তথ্য চাওয়া হয়। গত জুলাই মাসে প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, প্রথমবারের মতো গুগলের কাছে বাংলাদেশ থেকে কোনো অনুরোধ যায়। বাংলাদেশের সেই অনুরোধে গুগল সাড়া দেয়। গত বছরের শেষ ছয় মাসে মোট দুবার গুগলকে অনুরোধ জানানো হয়। এর মধ্যে একবার তিনটি অনুরোধে চারটি অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়, যা গুগলের পক্ষ থেকে দেওয়া হয়নি। পরে চারটি অনুরোধে নয়টি অ্যাকাউন্টের তথ্য চাওয়া হলে তা সরবরাহ করে গুগল। ওই চারটি অনুরোধকে গুগল ‘ইমারজেন্সি ডিসক্লোজার রিকোয়েস্ট’ আর প্রথম তিনটি রিকোয়েস্টকে ‘লিগ্যাল রিকোয়েস্ট’ বলে উল্লেখ করে গুগল।

উল্লেখ্য, গুগলের মতো ফেসবুকও প্রতি ছয় মাসে ট্রান্সপারেন্সি প্রতিবেদন প্রকাশ করে। এ বছরের এপ্রিল মাসে ফেসবুক প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনেও বাংলাদেশ সরকারের কাছ থেকে তথ্য চাওয়ার বিষয়টি উল্লেখ করে ফেসবুক। এপ্রিল মাসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রথমবারের মতো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফেসবুক ব্যবহারকারীর তথ্য চেয়ে করা অনুরোধে সাড়া দেয় ফেসবুক। ২০১৫ সালের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তথ্য নিয়ে ২৮ এপ্রিল ফেসবুকের প্রকাশিত ‘গভর্নমেন্ট রিকোয়েস্ট রিপোর্ট’-এ বলা হয়, বাংলাদেশ থেকে ওই সময় ১২টি অনুরোধে ৩১টি অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) চারটি কনটেন্ট সরিয়ে ফেলার অনুরোধ করে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের অনুরোধে সাড়া দিয়েছে তারা। অনুরোধে সাড়া দেওয়া হার ১৬ দশমিক ৬৭ শতাংশ। এ ছাড়া চারটি কনটেন্ট সরিয়ে ফেলা হয়েছে।
এদিকে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের ট্রান্সপারেন্সি প্রতিবেদন অনুযায়ী এ বছরের প্রথম ছয় মাসে সরকারি তথ্য চাওয়ার হার ১০ শতাংশ বেড়ে গেছে।

তথ্যসূত্র: গুগল