তিন চ্যাম্পিয়ন বুয়েট, এইউএসটি ও এআইইউবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিগর দলকে পুরস্কৃত করছেন আইসিটি প্রতিমন্ত্রী
কারিগর দলকে পুরস্কৃত করছেন আইসিটি প্রতিমন্ত্রী

ইমাজিন কাপ বাংলাদেশ ২০১৪-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়ে গেল গত শনিবার। এবারের আসরে গেম বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আহছ্ানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) কারিগর দল। এ দলের সদস্যরা হলো মো. ইউসুফ আজাদ, মোনেসুল হক ও সৌরভ পাল। উদ্ভাবন বিভাগে আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (এআইইউবি) একাত্তর দল (ফায়মি শাহরিয়ার, আহসান আহমেদ, ফাহাদ আহমেদ ও মোহাম্মদ রোকন উদ্দিন) এবং বিশ্ব নাগরিক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দি ইমাজিনারিয়াম দল (তাসলিম আরেফিন খান, এস এম হাসানুর রশিদ, মুশফেকুর রহমান ও মাইনুদ্দীন আহমেদ)।
ঢাকার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য এম ওমর রহমান, মাইক্রোসফট এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাব্যবস্থাপক সাইদ জাহেদানি, গ্রামীণফোনের পরিচালক (স্টেকহোল্ডার রিলেশনস) ইশতিয়াক হুসেন চৌধুরী ও মাইক্রোসফট বংলাদেশের কান্ট্রি ম্যানেজার পুবুডু বাসনায়েকে।
পুরস্কার হিসেবে প্রত্যেক বিভাগে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী দল পেয়েছে যথাক্রমে একটি করে নকিয়া লুমিয়া ১৩২০ ও নকিয়া ৬২৫ মডেলের নকিয়া স্মার্টফোন। এ প্রতিযোগিতার সহযোগী ছিলগ্রামীণফোন।
মাইক্রোসফটের টেক ইভাঞ্জালিস্ট তানজিম সাকিব প্রথম আলোকে বলেন, ‘এবারের প্রতিযোগিতার প্রকল্পগুলো অনেক সৃজনশীল ছিল। সব প্রকল্পেই ছিল উদ্ভাবনী চিন্তা ও নতুন কিছু করতে চাওয়ার চেষ্টা।’
শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট করপোরেশন প্রতিবছর শিক্ষার্থীদের জন্য ইমাজিন কাপের আয়োজন করে। এ বছর ১৯০টি দেশের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছেন। বাংলাদেশ বাছাইপর্বে বিজয়ী তিনটি দল অনলাইন সেমিফাইনালে অংশ নেবে। সেমিফাইনালে বিজয়ী দল আগামী জুলাই মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ইমাজিন কাপের চূড়ান্ত পর্বে অংশ নেবে।—মো. রাফাত জামিল