তিন জেলায় ৮০টি কম্পিউটার ল্যাবের জন্য চেক প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর কুমিল্লার তিন জেলায় ৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে। গতকাল শনিবার কুমিল্লার জেলা প্রশাসকের কার্যালয়ে ‘উপজেলা পর্যায়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন’ কর্মসূচির জন্য দরকারি অর্থের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এম আবদুল আজিজ বলেন, তথ্যপ্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। তাই ২০২১ সালনাগাদ ডিজিটাল বাংলাদেশ লক্ষ্য পূরণের জন্য গ্রামগঞ্জে তথ্যপ্রযুক্তি ছড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জামাল হোসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) পরিচালক মো. মাহফুজুর রহমান, কর্মসূচি সমন্বয়ক জাফরুল আলম খান, বিসিসির প্রকল্প পরিচালক ও কর্মসূচি সমন্বয়ক এস এ কে আজাদ। অনুষ্ঠানে কুমিল্লার আদর্শ সদর উপজেলার সুবরাতি শাহজাদী মেমোরিয়াল বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনের কাছে ৩০ হাজার টাকার চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। অনুষ্ঠানে কুমিল্লা জেলার ৩৯টি, চাঁদপুর জেলার ২১টি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট স্কুল-কলেজের প্রধান শিক্ষক ও কম্পিউটার শিক্ষা বিষয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। এতে কম্পিউটারের নানা দিক নিয়ে বিশেষজ্ঞরা বক্তব্য উপস্থাপন করেন। সদর উপজেলার সুবরাতি শাহজাদী মেমোরিয়াল বহুমুখী উচ্চবিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক নাসরিন আক্তার ও মুরাদনগর উপজেলার বাংগড়া উমালোচন উচ্চবিদ্যালয়ের একই শিক্ষক বীণা রানী দেবনাথ বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীদের হাতে-কলমে কম্পিউটার শেখানো অধিকতর সহজ হবে। যার মাধ্যমে তারা নিজেদের সমৃদ্ধ করতে পারবে। সংশ্লিষ্টরা জানান, সরকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচটি কম্পিউটার, পাঁচটি ইউপিএস, পাঁচটি করে কম্পিউটার চেয়ার ও টেবিল, দুটি ইউএসবি ইন্টারনেট মডেম দেবে। এগুলোর সুরক্ষার জন্য ৩০ হাজার টাকার মধ্যে কম্পিউটার ল্যাবকক্ষ তৈরি করতে হবে। —গাজীউল হক, কুমিল্লা