
বাজারে আসা অ্যাপলের নতুন আইফোন তিন দিনেই বিক্রির রেকর্ড করেছে। অ্যাপল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ৯ সেপ্টেম্বর আইফোন ৬এস এবং ৬এস প্লাসের ঘোষণার পর ২৫ সেপ্টেম্বর থেকে বাজারজাত প্রক্রিয়া শুরু হয়। আর প্রথম তিন দিনেই আগে থেকে প্রি-বুকিং দেওয়া নতুন আইফোন বিক্রির সংখ্যা ১ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে। এর আগে কোনো নির্দিষ্ট মডেলের আইফোন এমন বিক্রি হয়নি। আইফোন ৬ এবং ৬ প্লাস প্রথম তিন দিনে কেনার চাহিদা পেয়েছিল এক কোটি। এবার সেটি ছাড়িয়েছে।
নতুন আইফোনে গ্রাহকেরা থ্রিডি টাচ এবং লাইভ ফটোস সুবিধাটিই বেশি পছন্দ করছেন বলে জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। বর্তমানে কয়েকটি দেশে বিক্রি শুরু হলেও আগামী ৯ অক্টোবর আরও ৪০টি দেশে পাওয়া যাবে নতুন আইফোন। এ ছাড়া ১৬ অক্টোবর থেকে ভারতের বাজারেও আইফোন দুটি পাওয়া যাবে বলে জানা গেছে। চলতি বছরের শেষ নাগাদ আইফোন ৬এস ও ৬এস প্লাস পাওয়া যাবে ১৩০টির বেশি দেশে। নতুন দুই আইফোনে রয়েছে এ৯ চিপ ও এম৯ মোশন প্রসেসর, ১২ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা যার সাহায্যে করা যাবে উন্নত ভিডিও। সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। নতুন আইফোনগুলো ১৬ গিগাবাইট, ৬৪ গিগাবাইট এবং ১২৮ গিগাবাইট সংস্করণে পাওয়া যাচ্ছে। দ্য টেলিগ্রাফ