তিন দিনে গুগলে ৬৫ হাজার বাংলা অনুবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তিন দিনে গুগল অনুবাদে ৬৫ হাজার বাংলা শব্দ ও বাক্য যোগ করেছেন। ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি গুগল ডেভেলপার গ্রুপ বাংলার (জিডিজি বাংলা) উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গুগল ট্রান্সলেশন-আ-থন’ নামের এ কার্যক্রমে গুগলের অনুবাদ সেবা গুগল ট্রান্সলেটে এই পরিমাণ বাংলা অনুবাদ যোগ হলো।

গতকাল বৃস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে এক অনুষ্ঠানে এ কার্যক্রমের পুরস্কার দেওয়া হয়। সবচেয়ে বেশি ১৩ হাজার বাংলা অনুবাদ যোগ করেন ভাষাবিজ্ঞান বিভাগের ছাত্র তারেক মাহমুদ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হাকিম আরিফ বলেন, ‘আমরা গুগল ট্রান্সলেশনে বাংলাকে সমৃদ্ধ করার কাজটি সারা বছর করে যাব। আমাদের ভাষাকে সারা বিশ্বে তুলে ধারার দায়িত্ব আমাদেরই।’ জিডিজি বাংলার কমিউনিটি ব্যবস্থাপক জাবেদ সুলতান বলেন, ‘তিন দিনে ৬৫ হাজার বাংলা শব্দ যোগ হওয়ার বিষয়টি খুবই আশাব্যঞ্জক। তরুণদের এমন অংশগ্রহণই পারে ইন্টারনেটে বাংলাকে আরও সমৃদ্ধ করতে।’ গুগল অনুবাদে শব্দযোগের এই কার্যক্রম চলবে পয়লা বৈশাখ পর্যন্ত। পয়লা বৈশাখে যারা সবচেয়ে বেশি শব্দ যোগ করবেন তাঁদের পুরস্কৃত করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাষাবিজ্ঞান বিভাগের প্রভাষক মাশরুর ইমতিয়াজ, তাওহিদা জাহান, খন্দকার খায়রুন্নাহার, জেনিফার জাহান, ই-কমার্স প্রতিষ্ঠান এসো ডট কমের ম্যানেজার খায়রুল বাশারসহ অনেকে।
গত ডিসেম্বর মাসে ‘সীমানা ছাড়িয়ে বাংলা’ স্লোগানে ইন্টারনেটে বাংলা ভাষাকে ছাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে শুরু হয় জিডিজি বাংলার কার্যক্রম। বিস্তারিত: http://goo.gl/WuXLKp —রাহিতুল ইসলাম