তিন দিনেই এক কোটি!

নতুন মডেলের আইফোন বিক্রি শুরুর প্রথম সপ্তাহেই এক কোটি ইউনিট ছাড়িয়ে গেছে। অ্যাপলের দাবি, চাহিদামতো সরবরাহ করতে পারলে বিক্রি আরও বেশি হতো।
১৯ সেপ্টেম্বর শুক্রবার থেকে আইফোন৬ ও আইফোন৬ প্লাস বিক্রি শুরু করেছে অ্যাপল। বার্তা সংস্থা রয়টার্স আজ এক খবরে এ তথ্য জানিয়েছে।
অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক দাবি করেছেন, যদি সরবরাহ আরও বেশি করা সম্ভব হতো, তবে আইফোন৬ ও আইফোন৬ প্লাসের বিক্রি আরও বেশি হতো।
১২ সেপ্টেম্বর অ্যাপল আইফোন বিক্রির জন্য আগাম ফরমায়েশ (প্রি-অর্ডার) নেওয়া শুরু করলে তা চার লাখ অতিক্রম করেছিল। বাজার বিশ্লেষকেরা পূর্বাভাস দিয়েছিলেন, বিক্রি শুরুর প্রথম সপ্তাহেই এক কোটিরও বেশি আইফোন বিক্রি হবে।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান পাইপার জাফরি অ্যান্ড কোম্পানির বিশ্লেষক জিন মুনস্টার জানিয়েছেন, আইফোন বিক্রি ও চাহিদার হিসাবে ওয়াল স্ট্রিটের পূর্বাভাসের চেয়েও অ্যাপল এবার প্রথম প্রান্তিকে ৯ শতাংশের বেশি মুনাফা ঘরে তুলবে।
তাঁরা বলছেন, শত বাধা সত্ত্বেও অ্যাপল নতুন দুটি মডেলের আইফোন সরবরাহ করতে সর্বোচ্চ চেষ্টা করে গেছে এবং তা সফলভাবেই করেছে।
টিম কুক বলেছেন, ‘আগের চেয়ে এবার অ্যাপলের ব্যবস্থাপনা ও উৎপাদন বিভাগ ভালো করেছে। তবে আমাদের আরও বেশি ফোন বিক্রি ও সরবরাহের সুযোগ ছিল। আমরা দ্রুতই সব ফরমায়েশ পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা ও কঠোর পরিশ্রম করে যাচ্ছি।’
গত বছর চীনসহ ১১টি দেশে আইফোন৫এস ও ৫সি বিক্রি শুরুর প্রথম সপ্তাহে ৯০ লাখ ইউনিট বিক্রি হয়েছিল। এবার বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোনের বাজার চীনে আইফোন বিক্রি শুরু হবে দেরিতে।
এদিকে, চীনে চোরাই পথে আইফোন বিক্রি করার জন্য অনেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন অ্যাপল স্টোরের সামনে ভিড় করছেন। কানেকটিকাটের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, অ্যাপল স্টোরের সামনে চীন থেকে আসা অনেক ক্রেতাকে আইফোন কেনার জন্য লড়াই করতে দেখা গেছে। এখান থেকে আইফোন কিনে চীনের বাজারে তা বেশি দামে বিক্রি করার জন্যই তাঁরা লাইনে দাঁড়িয়ে মারামারি করেছেন। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
গত সপ্তাহে অ্যাপল জানিয়েছিল, প্রচুর চাহিদার কারণে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের নতুন মডেলের আইফোন হাতে আগামী মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। যথেষ্ট সরবরাহ না থাকায় অ্যাপলকে এই মধুর সমস্যায় পড়তে হচ্ছে। ২৬ সেপ্টেম্বর থেকে ২০টি দেশে নতুন মডেলের আইফোন পাওয়া যাবে।
এর আগে বিক্রি শুরুর প্রথম সপ্তাহে ৫০ লাখ আইফোন৫, ৪০ লাখ আইফোন৪এস ও ১৭ লাখ আইফোন৪ বিক্রি করেছিল।
বাজার বিশ্লেষকেরা বলছেন, প্রথম সপ্তাহে আইফোন৬ ও আইফোন৬ প্লাস বিক্রি এক কোটি ইউনিট ছাড়ানোর বিষয়টি ইতিবাচক।
বাজার গবেষণাপ্রতিষ্ঠান স্টিফেল নিকোলাস অ্যান্ড কোম্পানির গবেষক রেকার্স জানিয়েছেন, এ বছরের শেষ নাগাদ ১১৫টি দেশে আইফোনের নতুন দুটি মডেল পাওয়া যাবে, যেখানে আইফোন৫এস ও ৫সি ১০০টি দেশ ছুঁতে পেরেছিল।