তিন পার্বত্য জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব
আগামী দিনের প্রতিযোগিতামূলক বাজারের জন্য নতুন প্রজন্মকে ইন্টারনেট এবং তথ্যপ্রযুক্তিতে বিশেষভাবে দক্ষ করে গড়ে তুলতে হবে। আমাদের শিক্ষার্থীদের সেই সুযোগ করে দেওয়ার জন্য দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে। এতে পার্বত্য জেলার শিক্ষার্থীরা নিজেদের বিশ্বমানের জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারবে। এ আশাবাদ ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। তিনি গতকাল রোববার রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন কর্মসূচির অবহিতকরণ সভায় এসব কথা বলেন। রাঙামাটির জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুর রব হাওলাদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান এবং রাঙামাটির পুলিশ সুপার মনসুর-উল-হাসান ও বিজ্ঞান মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান। এই অবহিতকরণ কর্মসূচির মাধ্যমে উপজেলা পর্যায়ে ১৪০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাব স্থাপনের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। এক মাসের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজ নিজ কম্পিউটার ল্যাব চালু করতে পারবে বলে জানা গেছে।এর আগে গত শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা এবং চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপনের কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে এক সভার আয়োজন করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য সচিব আবদুল করিম। —নিজস্ব প্রতিবেদক