তিন বছরে পা দিল ঢাবি তথ্যপ্রযুক্তি সংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কার্যক্রমের মাধ্যমে তৃতীয় বছরে পা দিল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) তথ্যপ্রযুক্তি সংসদ (ডিইউআইটিএস)। গতকাল সোমবার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘আমাদের বাংলাদেশে রয়েছে মেধাবী সব তরুণ। এই তরুণেরাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। টিএসসিতে ওয়াই-ফাই নেটওয়ার্কের গতি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।’

বর্ষপূর্তির এই অনুষ্ঠানে বক্তব্য দেন আইসিটি সচিব নজরুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ডিইউআইটিএসের মডারেটর এ জে এম শফিউল আলম ভূঁইয়া, প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়ক মুনির হাসানসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিইউআইটিএসের সভাপতি আবদুল্লাহ আল ইমরান।

বক্তারা বলেন, ‘যুগটাই তথ্যপ্রযুক্তির যুগ। প্রতিদিনই বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলছে আমাদের তথ্যপ্রযুক্তি। ডিজিটাল বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে সব ধরনের তথ্যপ্রযুক্তি সংগঠনকে এগিয়ে আসতে হবে। একসঙ্গে কাজ করলে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে লক্ষ্য, তা পূরণ হতে বেশি সময় লাগবে না। শিক্ষার্থীদের জন্য আরও সহজে দ্রুতগতির ইন্টারনেট-সুবিধা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়কেও ওয়াই-ফাইয়ের আওতায় আনা দরকার।

—রাহিতুল ইসলাম