তিন বিশেষ গুণের 'অপো ফাইন্ড ৭'

চীনা মোবাইল ফোন নির্মাতাপ্রতিষ্ঠান অপো বাংলাদেশের বাজারে বিক্রি শুরু করেছে ‘অপো ফাইন্ড ৭’ নামের ফ্ল্যাগশিপ স্মার্টফোন। প্রযুক্তি বিশ্লেষকদের চোখে এই স্মার্টফোনটির তিনটি বিশেষ গুণ রয়েছে। এতে রয়েছে উন্নত ডিসপ্লে, দ্রুতগতিতে চার্জ দেওয়ার সুবিধা আর শক্তিশালী হার্ডওয়্যার।
বিশেষ কী আছে এই স্মার্টফোনে? অপোর কর্মকর্তারা জানিয়েছেন, ‘ফোরজি নেটওয়ার্ক সুবিধার স্মার্টফোনটিতে রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি মাপের সাধারণ এইচডির চেয়েও দ্বিগুণ রেজুলেশনের ডিসপ্লে। অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনটির ক্যামেরার কথা আলাদা করে বলতেই হবে। এর সুপার জুম মোডে ৫০ মেগাপিক্সেল মানের ছবি পাওয়া যায়। স্ন্যাপড্রাগন প্রসেসরচালিত স্মার্টফোনটির র্যামই তিন গিগাবাইট। এ ছাড়া তিন হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোনটিতে ভিওওসি চার্জার রয়েছে যাতে দ্রুত চার্জ দেওয়া যায়।’
অপো ফাইন্ড ৭-এর ফিচার
প্রযুক্তি বিশ্লেষকদের চোখে অপো ফাইন্ড ৭ স্মার্টফোনটির বিশেষত্ব হচ্ছে এর নকশা। ২০১৪ সালের মার্চে এই স্মার্টফোনটি বাজারে আনার ঘোষণা দেওয়ার পর থেকে অ্যালুমিনিয়াম অ্যালয় কাঠামোর স্মার্টফোনটির নকশা নজর কেড়েছে। ১৭১ গ্রাম ওজনের হালকা-পাতলা স্মার্টফোনটির বিশেষত্ব রয়েছে ডিসপ্লেতেও। ১৪৪০ বাই ২৫৬০ পিক্সেলের কোয়াড এইচডি রেজুলেশন সমৃদ্ধ সাড়ে পাঁচ ইঞ্চির আইপিএস প্যানেলে দারুণভাবে রং ফুটে ওঠে বলে এতে চমৎকার ভিডিও উপভোগ করা যায়। বর্তমানে বাজারে থাকা ১৯২০ বাই ১০৮০ পিক্সেলের যা অনেক বেশি। স্মার্টফোনটির পেছনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের হলেও এতে বিশেষ মোডে ৫০ মেগাপিক্সেলের ছবি তোলা যায়। সেলফি তোলার জন্যও একটি উৎকৃষ্ট ফোন হতে পারে অপ্পো ফাইন্ড ৭। সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ‘অপো ফাইন্ড ৭’ স্মার্টফোনটিতে ‘ফোর কে’ মানের (সিনেমা হলে প্রদর্শিত মানের) ভিডিও স্লো মোশন ভিডিও ধারণ করা যায়। এর পেছনে এলইডি ফ্ল্যাশ ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
স্মার্টফোনটিতে ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ সুবিধা রয়েছে। এ ছাড়া রয়েছে মাইক্রোএসডি স্লট। দীর্ঘক্ষণ ব্যাটারি সুবিধার অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনটি বেঞ্চমার্ক পরীক্ষায়ও ভালো ফল দেখিয়েছে।
দাম
বাংলাদেশের বাজারে ৪৯ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে অপো ফাইন্ড ৭ স্মার্টফোনটি।