তিন মাসে স্যামসাংয়ের ছয় কোটি স্মার্টফোন বিক্রি!
চলতি বছরের শেষ প্রান্তিক, অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর, এই তিন মাসে স্যামসাংয়ের ছয় কোটির বেশি স্মার্টফোন বিক্রির সম্ভাবনা রয়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইউবিএসের গবেষকেরা জানিয়েছেন, চতুর্থ প্রান্তিকে স্যামসাংয়ের ছয় কোটি ১৫ লাখ স্মার্টফোন বিক্রি হতে পারে, যা তৃতীয় প্রান্তিকের চেয়ে ৫ শতাংশ বেশি। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।ইউবিএসের গবেষক নিকোলাস গোডোইস জানান, তৃতীয় প্রান্তিক, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর, এ তিন মাসে পাঁচ কোটি ৮০ লাখ ইউনিট বিক্রি করে স্মার্টফোন বাজারের শীর্ষস্থান দখল করেছিল স্যামসাং। চতুর্থ প্রান্তিকে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রি তৃতীয় প্রান্তিককে ছাড়িয়ে যাবে এবং তা ছয় কোটি ১৫ লাখ থেকে ছয় কোটি ৩০ লাখে বাড়তে পারে। গবেষকেরা জানান, চতুর্থ প্রান্তিকে স্যামসাং স্মার্টফোনের বিক্রি বাড়িয়েছে সেপ্টেম্বর মাসে বাজারে আসা গ্যালাক্সি নোট ২ স্মার্টফোনের মডেলটি। বাজারে আসার প্রথম সপ্তাহে এটি ৩০ লাখ ইউনিট বিক্রি হয়েছিল। স্মার্টফোনটি এশিয়া ও ইউরোপের বাজারে এখন দেদার বিক্রি হচ্ছে। স্যামসাং কর্তৃপক্ষ জানায়, স্মার্টফোনের বাজারে স্যামসাংয়ের টেক্কা হচ্ছে গ্যালাক্সি এস সিরিজ। এ সিরিজের স্মার্টফোন বিক্রির ফলেই চতুর্থ প্রান্তিকে ছয় কোটির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।